আগামী ২১ নভেম্বর পার্থ টেস্ট দিয়ে শুরু হবে অ্যাশেজ সিরিজ। তার আগে নিউজিল্যান্ডের কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হলো ইংল্যান্ড। গতকাল ওয়েলিংটনে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ২ উইকেটের জয় তুলে নেয় কিউইরা। স্বাগতিকরা সিরিজ জিতে নেয় ৩-০ ব্যবধানে।

আগে ব্যাটিংয়ে নেমে ২২২ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। ৪৪ রানে ৫ উইকেট হারানোর পর জেমি ওভারটন ও ব্রাইডন কার্স দলকে টানেন। ওভারটন ৬২ বলে ৬৮, জস বাটলার ৫৬ বলে ৩৬ ও কার্স ৩০ বলে ৩৬ রান করে। ব্লেয়ার টিঙ্কার ৬৪ রানে ৪টি ও জ্যাকব ডাফি ৫৬ রানে ৩টি উইকেট নেন। জবাবে কিউইরা ভালো সূচনার পরও একটি পর্যায়ে ১৯৬ রানে ৮ উইকেট হারিয়ে বসে। শেষ দিকে টিঙ্কার ও জ্যাক ফোকসের ব্যাটে ভর করে ৩২ বল বাকি থাকতে জয় তুলে নেয় স্বাগতিকরা।

নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র ৩৭ বলে ৪৬, ড্যারিল মিচেল ৬৮ বলে ৪৪, ডেভন কনওয়ে ৪৪ বলে ৩৪, মিচেল স্যান্টনার ২৯ বলে ২৭ ও টিঙ্কার ২০ বলে ১৮ রান করেন। ওভারটন ও স্যাম কারান ২টি করে উইকেট নেন।

ফরম্যাট ভিন্ন হলেও এ হারে অ্যাশেজের আগে মানসিকভাবে বড় ধাক্কাই খেল ইংল্যান্ড। তিন সপ্তাহের মধ্যে অ্যাশেজে মাঠে নামবে ইংলিশরা।

অন্যদিকে কিউইরা পূর্ণাঙ্গ হোম সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। এ সিরিজে রয়েছে পাঁচটি টি-টোয়েন্টি, তিনটি ওয়াডে ও তিনটি টেস্ট ম্যাচ। ৬ নভেম্বর টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে।

বর্তমানে ওয়ানডে রÅvংকিংয়ে নিউজিল্যান্ড দুইয়ে আর ইংল্যান্ড আট নম্বরে। সেটা মনে করিয়ে দিয়ে ইংল্যান্ড দলনায়ক হ্যারি ব্রুক বলেছেন, ‘কোনো একটি কারণে তারা বিশ্বের দ্বিতীয় সেরা দল। তারা আমাদের চেয়ে ভালো খেলে সিরিজ জিতেছে। তবে এ ম্যাচে শেষ পর্যন্ত লড়াই করতে পারাটা দারুণ ছিল। আমরা প্রায়ই হার এড়াতে যাচ্ছিলাম। যদিও কাজটি সহজ ছিল না।’