স্প্যানিশ লা লিগায় আজ ওসাসুনাকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। সদ্যই ব্যালন ডি’অর পুরস্কারের রেসে হেরে যাওয়া ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের হ্যাটট্রিকে ভর করে প্রতিপক্ষকে বিধ্বস্ত করে মাদ্রিদ জায়ান্টরা। এই জয়ে চ্যাম্পিয়ন্স লিগে এসি মিলানের মাঠে হারের দুঃখ ভুলল লস ব্লাঙ্কোসরা।
৩৪ মিনিটে নিজের ও দলের প্রথম গোল করেন ভিনিসিয়ুস। ৪২ মিনিটে জুড বেলিংহ্যাম ব্যবধান ২-০ করেন। এরপর দ্বিতীয়ার্ধে ৮ মিনিটের ব্যবধানে (৬১ ও ৬৯) দুই গোল করেন ভিনি।
এই জয়ে বার্সার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে আনল রিয়াল মাদ্রিদ। ১২ ম্যাচ শেষে ৩৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বার্সেলোনা, সমান ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল।
রোববার রাতে রিয়াল সোসিয়েদাদের মাঠে খেলবে বার্সেলোনা।










