ম্যানচেস্টার ইউনাইটেডের অন্তর্বর্তীকালীন কোচ রাল্ফ র্যাংনিক সাফ জানিয়ে দিলেন, ফরাসি মিডফিল্ডার পল পগবা যদি চলে যেতে চান তবে তিনি তার মন পাল্টানোর কোনো চেষ্টা করবেন না।
এমনটা তিনি বলতেই পারেন। ম্যানইউর কোচ হিসেবে দায়িত্ব নিয়ে তিনি এখন পর্যন্ত অপরাজিত। শনিবার ক্রিস্টিয়ানো রোনালদোর পেনাল্টিতে পাওয়া একমাত্র গোলে নরউইচ সিটিকে ১-০ গোলে হারিয়েছে রেড ডেভিলরা। এমনকি তার অধীনে প্রথম দুই ম্যাচে ম্যানইউ কোনো গোলও হজম করেনি, যা ১৯০৩ সালের পর রেকর্ড।
ইনজুরিতে থাকায় এ ম্যাচে খেলেননি পগবা। ২০১৬ সালে তখনকার বিশ্বরেকর্ড ৮৯ মিলিয়ন পাউন্ড ফি দিয়ে জুভেন্টাস থেকে তাকে দ্বিতীয়বারের মতো দলভুক্ত করে ম্যানইউ। যদিও আগামী গ্রীষ্মে রেড ডেভিলদের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে এবং জানুয়ারিতেই তিনি নতুন কোনো ক্লাবের সঙ্গে কথা বলতে পারবেন।
পগবার বিষয় নিয়ে র্যাংনিক বলেন, আমি বলছি না, সে এখানে থাকার যোগ্য না। কিন্তু ক্লাবে সেইসব খেলোয়াড়কেই প্রয়োজন যারা কিনা থাকতে চায় ও খেলতে চায়। যদি কোনো খেলোয়াড় ম্যানচেস্টার ইউনাইটেডে খেলতে না চায়, তবে আমি মনে করি না যে তাকে বুঝানোর কিছু আছে। এটা বিশাল এক ক্লাব, এই ক্লাবের সমর্থকরাও দুর্দান্ত। আমি মনে করি না, এই ক্লাবে থেকে যাওয়ার জন্য কোনো খেলোয়াড়কে রাজি করানোর কিছু আছে। তাকে (পগবা) ফিরতে দিন, সে পুরো ফিট হয়ে অনুশীলনে আসুক, এরপর দেখি তাকে নিয়ে আমাদের অবস্থানটা কোথায় থাকে।
ফ্রান্সের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলার সময় ঊরুর চোটে পড়েন পগবা। এ চোটের কারণে ম্যানইউর হয়ে গত সাতটি ম্যাচে তিনি খেলতে পারেননি।
ওল্ড ট্র্যাফোর্ডে গত পাঁচ বছরে ঘটনাবহুল সময় কেটেছে পগবার। কখনো কখনো ঝলমলে পারফরম্যান্সে দর্শকদের মুগ্ধ করলেও সাবেক কোচ ওলে গুনার সোলশার তাকে সাইডবেঞ্চে বসিয়েও রেখেছেন। এ কারণে ক্লাবটি ছেড়ে যাওয়ার গুজবও উঠেছে মাঝেমধ্যে।
দুই সপ্তাহ আগে ম্যানইউর কোচের দায়িত্ব নেয়া র্যাংনিক এখন স্কোয়াডের শক্তি-দুর্বলতা পরখ করছেন। পগবাকে নিয়ে তিনি বলেন, তার ব্যাপারে আমাকে জানতে হবে। আমি তার সঙ্গে কথা বলব। সবকিছু নির্ভর করছে তার পুরো ফিটনেসের ওপর। আমরা উচ্চ প্রাণশক্তি আর চেতনা নিয়ে খেলতে চাই। সে যখন পুরোপুরি ফিট হয়ে উঠবে তখন আমরা তাকে একজন মিডফিল্ডর হিসেবেই দেখতে চাইব, কোনো স্ট্রাইকার বা উইঙ্গার নয়। তার পুরো ফিটনেস নিয়েই আমার আগ্রহ। সে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠতে পারে বলে আমি মনে করি। একথা কিন্তু অন্য সবার জন্যও সত্য। আমি তো কেবল পল পগবারই কোচ নই। আমি অন্য সব খেলোয়াড়েরও কোচ। বিবিসি










