ওয়েলিংটনে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম টেস্টে বিপর্যয়ের সময় দেয়াল
হয়ে দাঁড়িয়ে অনবদ্য এক সেঞ্চুরি করেছেন ক্যামেরন গ্রিন। তার ১০৩ রানের হার না মানা
ইনিংসে মান বাঁচে অজিদের। প্রথম দিন শেষে তাদের সংগ্রহ ২৭৯/৯।
স্টিভ স্মিথ ও উসমান খাজা ওপেনিং জুটিতে ৬১ রান তুলে দলকে ভালো সূচনাই এনে দেন।
যদিও এরপর কিউইদের অল-পেস অ্যাটাকের বিরুদ্ধে ধুঁকছিল অস্ট্রেলিয়া। ৮৯ রানের মধ্যে
তারা হারায় চার উইকেট। সাজঘরে ফেরে যান স্মিথ, মার্নাস লাবুশেন, খাজা ও ট্রাভিস হেড।
এরপর লড়াকু ব্যাটিংয়ে ইনিংসটি মেরামত করতে থাকেন গ্রিন। ১০৮ বলে ফিফটি করা এই ব্যাটার
পরের ৫০ করেন দ্রুতই। সব মিলে সেঞ্চুরি আসে তার ১৫৪ বলে। ১৬টি বাউন্ডারিতে ইনিংসটি
সাজান তিনি। ২৪ বছর বয়সী গ্রিনের এটা দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি।
মিচেল মার্শ (৪০), প্যাট কামিন্সকে (১৬) নিয়ে দলের সংগ্রহটা সংহত করেন গ্রিন।
২০১৬ সালের পর প্রথমবার নিউজিল্যান্ডের মাঠে টেস্ট খেলতে নামা অজিরা ২৮ রানের
মধ্যে চার চারটি উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায়। এরপর তাদের বিপর্যয় থেকে উদ্ধার করেন
গ্রিন।
নিউজিল্যান্ডের ম্যাট হেনরি ৪৩ রানে চারটি, উইলিয়াম ও’রুর্কি ৫৯ রানে দুটি ও
স্কট কুগেলিন ৫৬ রানে দুটি উইকেট নেন।










