টেনিসে বছরের প্রথম গ্র্যান্ড স্লাম আসর অস্ট্রেলিয়ান ওপেন শুরু হবে আগামীকাল। যদিও এবার খেলা অনিশ্চিত রেকর্ড নয়বারের চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচের। কভিড-১৯-এর টিকা না নেয়ায় দুই দফায় তার ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া সরকার। সর্বশেষ শুক্রবার দ্বিতীয়বারের মতো সার্বিয়ান সুপারস্টারের ভিসা বাতিল করা হয়। খেলোয়াড়টিও দ্বিতীয়বারের মতো আদালতের দ্বারস্থ হন, যার আপিল শুনানি আজ। যদিও শুনানির আগের দিন শনিবার তাকে আটক করে আলোচনার জন্ম দিয়েছে অস্ট্রেলিয়া সরকার।
জোকোভিচের আইনজীবীরা জানান, এ টেনিস তারকাকে মেলবোর্নের অভিবাসী আটক কেন্দ্রেই রাত কাটাতে হবে।
অভিবাসন আদালতে আজকের শুনানিই ঠিক করবে ৩৪ বছর বয়সী জোকোভিচ এবারের অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে মেলবোর্নে থাকতে পারবেন কিনা।
মহামারীর মধ্যে টিকা না নেয়া এ সার্বিয়ানকে সাধারণ জনসাধারণের জন্য ‘হুমকি’
আখ্যায়িত করে অস্ট্রেলীয় সরকার দ্বিতীয় দফা তার ভিসা বাতিল করে দেয়ার পর বহিঃসমর্পণের মুখে পড়েন তিনি। যদিও খেলোয়াড়টির আইনজীবীরা অস্ট্রেলিয়া সরকারের এ সিদ্ধান্তকে ‘অযৌক্তিক’
অ্যাখ্যা দিয়ে আপিল করেন, আজ যার শুনানি হবে।
এ ঘটনা জোকোভিচের ক্যারিয়ারে টর্নেডোর মতোই যেন আঘাত করল। কেননা তিনি পুরুষদের টেনিসে ইতিহাস গড়ার সামনে। আর একটি শিরোপা জিতলেই তিনি হবেন সর্বোচ্চ গ্র্যান্ড স্লাম বিজয়ী পুরুষ খেলোয়াড়। ২০টি শিরোপা নিয়ে রজার ফেদেরার ও রাফায়েল নাদালের সঙ্গে যুগ্মভাগে সর্বোচ্চ স্লামজয়ী তিনি। তবে শেষ পর্যন্ত প্রিয় ভেন্যু মেলবোর্ন পার্কে তিনি খেলতে পারেন কিনা, তা নির্ধারিত হবে আজ স্থানীয় সময় সকাল ৯টায় শুরু হওয়া শুনানিতে। আজকের আপিলে হেরে গেলে শীর্ষ বাছাই খেলোয়াড়কে অস্ট্রেলিয়া ছাড়তে হবে, পাশাপাশি তিন বছর এই দেশটির ভিসাও পাবেন না তিনি।
বিবিসি ও সিডনি মর্নিং হেরাল্ড










