বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৫ (বিপিএল)-এর শেষ পর্ব আজ ঢাকায় শুরু হচ্ছে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গ্রুপ পর্বের ১০টি ম্যাচের পর প্লে-অফের তিনটি ও ফাইনাল অনুষ্ঠিত হবে।
আজ বেলা দেড়টায় মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও সিলেট স্ট্রাইকার্স। সন্ধ্যা সাড়ে ৬টায় মুখোমুখি হবে দুর্বার রাজশাহী ও রংপুর রাইডার্স।
গ্রুপ পর্বে রংপুর ৩টি, বরিশাল ৪টি, চট্টগ্রাম কিংস ৩টি, খুলনা টাইগার্স ৩টি, রাজশাহী ২টি, ঢাকা ক্যাপিটাল ২টি ও সিলেট ৩টি ম্যাচ খেলবে। টানা ৮ ম্যাচ জিতে সবার আগে প্লে-অফের টিকিট নিশ্চিত করে ফেলেছে রংপুর রাইডার্স। নবম ম্যাচে এসে প্রথম হেরেছে নুরুল হাসান সোহানের দল। রংপুরের লড়াই এখন শীর্ষস্থান নিশ্চিতের জন্য। বাকি ৩ ম্যাচের মধ্যে একটি জিতলেই শীর্ষ দুইয়ে থাকা নিশ্চিত হবে তাদের।
কাগজে-কলমে এখনো কোনো দল বিদায় নেয়নি। তবে আজ ও আগামীকালের মধ্যে তলানির একাধিক দলের ভাগ্য নির্ধারণ হয়ে যাবে।
৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে থাকা বরিশাল আজ সিলেটকে হারালেই প্লে-অফের টিকিট নিশ্চিত হয়ে যাবে। আবার সিলেটকে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখতে হলে আজ তো বটেই, বাকি ২টি ম্যাচও জিততে হবে। ৩টি ম্যাচ জিতলেও তাদের প্লে-অফের টিকিট নিশ্চিত নয়।
৩টি জয়ের পর অন্যদের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে তাদের।
দুর্বার রাজশাহীর জন্য আজকের ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তারা টেবিলের পাঁচে অবস্থান করছে। ৯ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে খুলনা টাইগার্স চারে ও ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম কিংস তিনে অবস্থান করছে। এই দুটি দল প্লে-অফে ওঠার রেসে রাজশাহীর প্রতিদ্বন্দ্বী। এ অবস্থায় পা হড়কানোর কোনো সুযোগ নেই। এখন কোনো ম্যাচ হারলেই বিদায়ের দ্বারপ্রান্তে চলে যাবে তারা।
রাউন্ড রবিন লিগ পর্ব শেষে ৩ ও ৫ ফেব্রুয়ারি প্লে-অফ এবং ৭ ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে একাদশ বিপিএলের।










