পোর্ট এলিজাবেথ টেস্টে তাইজুল ইসলামের দুই উইকেট শিকারের পরও প্রথম দিন চা-বিরতি পর্যন্ত সংহত অবস্থানে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়ারা ৩ উইকেটে ১৯৯ রান তুলে নিয়ে চা-বিরতিতে যায়। তেম্বা বাভুমা ৩৩ ও রায়ান রিকেলটন ৭ রানে অপরাজিত ছিলেন।

 

বৃষ্টি বাধায় পড়া দ্বিতীয় সেশনটি ছিল দুই দলেরই। এ সময় স্বাগতিকরা তুলে নেয় ৯২ রান, আর বাংলাদেশ দু দুবার উইকেট উত্সব করতে পেরেছে তাইজুল ইসলামের কল্যাণে।

 

মধ্যাহ্নভোজের পর বৃষ্টির কারণে ৩০ মিনিটের মতো বন্ধ ছিল। বৃষ্টি থেমে যাওয়ার পর ফের খেলা মাঠে গড়ায়। ফেরার পর বাভুমাকে নিয়ে ভালোই খেলছিলেন কিগান পিটারসেন। ব্যক্তিগত ৬৪ রানে তিনি বোল্ড হন তাইজুলের বলে। ১২৪ বলে ৯ বাউন্ডারিরর সাহায্যে এ রান করেন কিগান।

এর আগে প্রোটিয়া দলনায়ক ডিন এলগারকেও সাজঘরে ফেরান তাইজুল। টস জিতে আগে ব্যাটিং করতে নামা দক্ষিণ আফ্রিকা ১ উইকেটে ১০৭ রান তুলে মধ্যাহ্নভোজের বিরতিতে যায়। বিরতির পরও দুর্দান্ত ব্যাটিং করে বাংলাদেশের মাথাব্যথার কারণ হয়ে ওঠেন এলগার। তখন তাকে ফিরিয়ে বাংলাদেশ দলে স্বস্তি আনেন এই টেস্টে ফেরা বামহাতি অর্থোডক্স স্পিনার তাইজুল। তাইজুলের ঘূর্ণিতে বিভ্রান্ত এলগার ক্যাচ দিয়েছেন উইকেটকিপার লিটন দাসকে।

 

বাংলাদেশকে প্রথম ব্রেকথ্রু এনে দেন পেসার খালেদ আহমেদ। সারেল আরউইকে উইকেটকিপার লিটন দাসের হাতে ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরত পাঠান তিনি। এরপর অতিথিদের ভোগাতে থাকেন এলগার ও কিগান। ১২৫ বলে ৮১ রানের জুটি গড়েন দুজন। এই জুটি ভাঙেন তাইজুল। এলগার বিদায়ের আগে ৮৯ বলে ১০ বাউন্ডারিতে ৭০ রান করেন। 

 

এই টেস্টে বাংলাদেশ দলে দুটি পরিবর্তন এসেছে। ব্যাটিংয়ে ওপেনার সাদমান ইসলামের জায়গায় এসেছেন অভিজ্ঞ তামিম ইকবাল, যিনি পেটের পীড়ার কারণে প্রথম টেস্টে খেলতে পারেনিন। আর চোটের কারণে ছিটকে পড়া তাসকিন আহমেদের জায়গায় খেলবেন অভিজ্ঞ স্পেশালিস্ট স্পিনার তাইজুল ইসলাম।

 

দক্ষিণ আফ্রিকার একাদশে কোনো পরিবর্তন নেই। লুথো সিপামলার ঘরের মাঠে নিজ শহরে খেলার কথা থাকলেও হ্যামস্ট্রিংয়ের চোট তাকে সেই সুযোগ দিল না।

 

উল্লেখ্য, ডারবানে প্রথম টেস্টে প্রায় চারদিন সমানে সমান লড়েও শেষ মুহূর্তে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ম্যাচটি ২২০ রানে হেরে যায় বাংলাদেশ। এর আগে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে নিয়ে ইতিহাস গড়ে তামিম ইকবালের দল। এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয়ের খোঁজে টাইগাররা।