বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পর্ষদের দ্বিতীয় সভা শুক্রবার অনুষ্ঠিত হয়। এতে পরিচালকদের মধ্যে নতুন দায়িত্ব বণ্টন করা ছাড়াও বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়, যার মধ্যে অন্যতম নারী ক্রিকেটারদের বেতন বৃদ্ধি। সদ্যই ওয়ানডে বিশ্বকাপে উত্তীর্ণ হওয়া জাতীয় নারী দলের খেলোয়াড়দের মাসিক বেতন বাড়ছে ৩৩ শতাংশ পর্যন্ত।

প্রথম শ্রেণীর ৮৯ ক্রিকেটারের চুক্তিও অনুমোদন করেছে বোর্ড। এছাড়া জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের সংস্কার ও শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম প্রকল্পের নকশার জন্য পরামর্শক নিয়োগের বিষয়টিও বোর্ডে অনুমোদন পায়।

এ বছরই দেশকে সুখবর দেয় নারী ক্রিকেট, প্রথমবারের মতো বাংলাদেশ দল জায়গা করে নেয় ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে। এই গৌরব বয়ে আনা ক্রিকেটাররাও এবার সুখবর পেলেন বিসিবির তরফ থেকে। ২০২২ বর্ষপঞ্জিতে বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের মাসিক বেতন বাড়ছে, সেসঙ্গে বাড়বে তাদের ম্যাচ ফি-ও। 

বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন জানিয়েছেন, সম্প্রতি জিম্বাবুয়ের মাটিতে বিশ্বকাপ বাছাইপর্বে ভালো পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই নারী ক্রিকেটারদের বেতন বাড়ানো হচ্ছে। অভিজ্ঞতা, পারফরম্যান্স ও প্রতিটি খেলোয়াড়ের দক্ষতার বিচারে তাদের বেতনের বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত করে বেতন কাঠামো বিন্যাস করবে বিসিবি।

এর আগে গত জুলাই মাসে নারী ক্রিকেটারদের বেতন ২০ শতাংশ বাড়ানো হয়। তখন ‘এ’ ক্যাটাগরিতে ৬০ হাজার, ‘বি’ ক্যাটাগরিতে ৪৮ হাজার, ‘সি’ ক্যাটাগরিতে ৩৬ হাজার ও ‘ডি’ ক্যাটাগরিতে ২৫ হাজার টাকা বেতন দাঁড়ায় ক্রিকেটারদের। এবারো এমন চারটি ক্যাটাগরিতে ভাগ করা হবে তাদের। যদি ৩৩ শতাংশ বাড়ে তবে ‘এ’ ক্যাটাগরির একজন ক্রিকেটারের মাসিক বেতন হবে প্রায় ৮০ হাজার টাকা (৭৯,৮০০)। এছাড়া আগের চুক্তিতে নারী ওয়ানডেতে ২২ হাজার ৩৫০ টাকা ও টি২০-তে ১১ হাজার ১৭৫ টাকা ম্যাচ ফি পেতেন।

পুরুষ ক্রিকেট দল ‘এ প্লাস’ ক্যাটাগরিতে ৪ লাখ, ‘এ’ ক্যাটাগরিতে ৩ লাখ, ‘বি’ ক্যাটাগরিতে ২ লাখ, ‘সি’ ক্যাটাগরিতে ১ লাখ ২৫ হাজার ও ‘ডি’ ক্যাটাগরিতে ১ লাখ টাকা বেতন পান। একজন খেলোয়াড় লাল ও সাদা উভয় বলের ফরম্যাটে থাকলে একটির পুরো বেতন ও অন্যটির অর্ধেক বেতন পান। ছেলেরা টেস্টে ৬ লাখ, ওয়ানডেতে ৩ লাখ ও টি২০-তে ২ লাখ টাকা ম্যাচ ফি পান।