এখন
আর বিষয়টি গুজবের পর্যায়ে থাকল না। কিলিয়ান এমবাপ্পে ঘোষণা দিয়ে বলেছেন, চলতি মৌসুম
শেষে তিনি পিএসজি ছেড়ে চলে যাবেন।
নিজের
সামাজিক যোগাযোগমাধ্যমের একাউন্টে এক ভিডিও বার্তায় তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
এমবাপ্পে বলেন, ‘আমি সব সময়ই বলেছি যে, সময় এলে আমি আপনাদের সঙ্গে কথা বলব। প্যারিস
সেন্ট জার্মেইয়ে এটাই আমার শেষ মৌসুম। আমি আর চুক্তি নবায়ন করছি না এবং রোমাঞ্চকর এক
অধ্যায়ের এখানেই শেষ।’
পিএসজির
সঙ্গে এমবাপ্পের চুক্তির মেয়াদ জুনেই শেষ হয়ে যাচ্ছে এবং গত জুনে সংবাদমাধ্যমে গুজব
ছড়ায়—রিয়ালে যোগ দিতে সম্মত হয়েছেন এমবাপ্পে।
২০১৮
সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপজয়ী ফরওয়ার্ড পিএসজির হয়ে রেকর্ড ২৫৫ গোল করেছেন। তিনি
আজ তুলুজের বিপক্ষে পিএসজির জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন। লিগে এরপরও পিএসজির
ম্যাচ আছে ১৫ মে নিস ও ১৯ মে মেৎজের বিপক্ষে এবং ২৫ মে তারা ফ্রেঞ্চ কাপ ম্যাচ খেলবে
লিওঁর বিপক্ষে। এসব ম্যাচে এমবাপ্পে থাকছেন না।
২০১৭
সলে ১৬ কোটি ইউরোয় মোনাকো থেকে পিএসজিতে নাম লেখান এমবাপ্পে। বিশ্বের অন্যতম সেরা এই
স্ট্রাইকার বলেছেন, পিএসজি তাকে একজন খেলোয়াড় ও একজন ব্যক্তি হিসেবে বেড়ে উঠতে সাহায্য
করেছে।
সেই
থেকে পিএসজির হয়ে অসংখ্য শিরোপা জিতলেও ইউরোপিয়ান মুকুট পাননি এখনো। এই শিরোপার জন্য
পিএসজিও মরিয়া।










