প্রথমবার টেস্ট সিরিজ খেলতে নেপাল গেল বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দল। গতকাল বিকাল সাড়ে ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে বাংলাদেশ সময় সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা। সিরিজ খেলে ২৬ এপ্রিল দেশে ফিরবে নারী দল। নেপাল সফরে বাংলাদেশ দলকে স্পন্সর করছে বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল।

নেপালের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবেন শ্রাবণী, বৃষ্টি, রুপালিরা। সিরিজের প্রথম ম্যাচ আজ। এরপর ২১, ২২, ২৪ ও ২৫ এপ্রিল সিরিজের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই কাঠমান্ডুতে। বাংলাদেশের মতো নেপাল নারী দলও প্রথমবার টেস্ট সিরিজ খেলবে।

কাবাডি বিশ্বকাপ সামনে রেখেই মূলত নারীদের নেপাল সফর। আগামী ১ থেকে ৮ জুন ভারতের বিহার রাজ্যের রাজগির শহরে নারী কাবাডি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। ইরানে এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জয়ের পর পরই বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে বাংলাদেশ দল। ধানমন্ডির রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে কোচ শাহনাজ পারভীন মালেকা ও আরদুজ্জামান মুন্সীর তত্ত্বাবধানে অনুশীলন করেছেন খেলোয়াড়রা।

নারী কাবাডিতে বাংলাদেশের চেয়ে এগিয়ে নেপাল। তাদের বিপক্ষে পাঁচ ম্যাচ খেলে বিশ্বকাপের প্রস্তুতি সারতে চায় বাংলাদেশ দল। বিশ্বকাপের জন্য প্রস্তুতির অংশ হিসেবে বেশকিছু পরিকল্পনাও হাতে নিয়েছে কাবাডি ফেডারেশন। নেপালের বিপক্ষে সিরিজের পর থাইল্যান্ডের সঙ্গে ম্যাচ আয়োজনের চেষ্টা চলছে। এছাড়া বিশ্বকাপের ১৫ দিন বা এক মাস আগে নারী দলকে ভারত পাঠাতে চায় ফেডারেশন। সেখানে ভারতের রাজ্য দলের সঙ্গে ম্যাচ খেলবে বাংলাদেশ দল।

নেপাল সফরে বাংলাদেশ দল: শ্রাবণী মল্লিক (অধিনায়ক), বৃষ্টি বিশ্বাস (সহ-অধিনায়ক), রুপালি (সিনিয়র), স্মৃতি আক্তার, রেখা আক্তারী, মেবি চাকমা, রুপালি আক্তার (জুনিয়র), আঞ্জুয়ারা রাত্রি, সুচরিতা চাকমা, খাদিজা খাতুন, লোবা আক্তার, ইয়াসমিন খানম ও ইসরাত জাহান সাদিকা। স্ট্যান্ডবাই খেলোয়াড়: লাকি আক্তার ও নবর্শি চাকমা। কোচ: শাহনাজ পারভীন মালেকা ও আরদুজ্জামান মুন্সী। ম্যানেজার: মোহাম্মদ আসাদুজ্জামান।