বাংলাদেশের সঙ্গে তিন ম্যাচের টি২০ সিরিজ ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শনিবার সকালে ঢাকায় পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল।
সফরকারী দলের ক্রিকেটাররা আগামীকাল সোমবার প্রথমবারের মতো অনুশীলনে নামছেন। সোমবার বাংলাদেশ সময় সকাল ১০টা ৩০ মিনিটে মিরপুর ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে অনুশীলন শুরু হবে শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ানদের, যা চলবে বেলা দেড়টা পর্যন্ত।
বাংলাদেশ সফর ও আসন্ন সিরিজ নিয়ে পাকিস্তানের মিডল অর্ডার ব্যাটার ইফতিখার আহমেদ আজ বলেন, আমি এই স্কোয়াডে যোগ দিয়েছে এবং আমার আত্মবিশ্বাস উঁচুতে। বাংলাদেশে এটা আমার দ্বিতীয় সফর। বাংলাদেশ একটি ক্রিকেট পাগল জাতি। বিমানবন্দরে আমরা উষ্ণ অভ্যর্থনা পেয়েছি।
আমরা আগামীকাল (সোমবার) অনুশীলন শুরু করব এবং আমি আমার ফর্মটা এখানেও ধরে রাখতে চাইব। পাকিস্তান সুপার লিগ ও ন্যাশনাল টি২০ লিগ আমাকে আত্মবিশ্বাস এনে দিয়েছে।
পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত ৩টি টেস্ট, ৭টি ওয়ানডে ও ১৩টি টি২০ ম্যাচ খেলেছেন ইফতিখার। অক্টোবরে ন্যাশনাল টি২০ লিগে খাইবার পাখতুনখা ফাইটার্সের হয়ে দুর্দান্ত পারফর্ম করেন তিনি। তার ইনিংসগুলো যথাক্রমে ৪৫*, ৪৫*, ৫৪*, ৩৩*, ৫৫*, ৬ ও ৫৮। ন্যাশনাল টি২০ লিগে তার দল চ্যাম্পিয়ন হয়। ১২ ম্যাচে ১০২.২৫ গড়ে ৪০৯ রান করে তিনি ছিলেন ব্যাটিং চার্টের দুই নম্বরে। টুর্নামেন্টে ১২ ম্যাচে ২৪টি ছক্কা ও ৩৬টি বাউন্ডারি মেরেছেন ইফতিখার। অবিশ্বাস্য ফর্মই তাকে বাংলাদেশের বিপক্ষে সিরিজে জায়গা করে দিয়েছে। যদিও চলতি টি২০ বিশ্বকাপের দলে ঠাঁই হয়নি তার, যেখানে পাকিস্তান সেমিফাইনালে হেরেছে অস্ট্রেলিয়ার কাছে।










