মেলবোর্ন টেস্টে নিতিশ কুমার রেড্ডির লড়াকু সেঞ্চুরিতে ভারত ১১৬ ওভারে ৯ উইকেটে ৩৫৮ রান তুলে তৃতীয় দিন মাঠ ছাড়ে। আজ রোববার চতুর্থ দিন আর ১১ রান যোগ করে অলআউট হয়ে যায় ভারত (৩৬৯/১০)। ফলে ১০৫ রানের লিড পায় অজিরা।

এরপরও বোলাররা ম্যাচে রাখে ভারতকে। ৯১ রানে স্বাগতিকদের ৬ উইকেট তুলে নেয় সফরকারীরা। সেখান থেকে তুমুল লড়াই করে মেলবোর্ন টেস্ট জমিয়ে দেন অজি টেল-এন্ডাররা। প্যাট কামিন্স ও নাথান লায়নের লড়াইয়ে অজিদের লিড সোয়া তিনশ ছাড়িয়েছে। ৯ উইকেটে ২২৮ রান তুলে চতুর্থ দিন মাঠ ছাড়ে কামিন্সের দল। তাদের লিড ৩৩৩ রানের।

ষষ্ঠ উইকটে পতনের পর মারনাস লাবুশেন ও কামিন্স সপ্তম উইকেটে ৫৭ রান যোগ করেন। দলীয় ১৪৮ রানের মাথায় মোহাম্মদ সিরাজের বলে লেগ বিফোর হয়ে মাঠ ছাড়েন লাবুশেন। ১৩৯ বলে সর্বোচ্চ ৭০ রান করেন লাবুশেন। মিচেল স্টার্ক (৫) খুব বেশি সময় সঙ্গ দিতে পারেননি। এরপর নাথান লায়নের সঙ্গে ১৭ রান যোগ করে সাজঘরে ফেরেন কামিন্স। তিনি ৯০ বলে ৪১ রানের মূল্যবান ইনিংস খেলেন।

দলীয় ১৭৩ রানে কামিন্সের বিদায়ে ভারতীয়রা স্বস্তির নিঃশ্বাস ফেললেও বিপদ তখনো শেষ হয়নি। এরপর লায়ন ও স্কট বোল্যান্ড দীর্ঘ সময় ভোগান অতিথিদের। ১৭.৫ ওভার টিকে থেকে ৫৫ রান যোগ করে অবিচ্ছিন্ন এ দুজন। লায়ন ৫৪ বলে ৪১ ও বোল্যান্ড ৬৫ বলে ১০ রান করে অপরাজিত রয়েছেন।

সোমবার পঞ্চম ও শেষ তিন অস্ট্রেলিয়ার শেষ জুটি ভাঙতে মরিয়া হবে ভারত।

পাঁচ ম্যাচের সিরিজে ভারত ও অস্ট্রেলিয়া উভয় দল একটি করে ম্যাচ জিতেছে, একটি ম্যাচ ড্র হয়। চলতি ও সিডনির শেষ টেস্টের মধ্যে একটি জিতলেই বর্ডার-গাভাস্কার ট্রফি ধরে রাখতে রোহিত শর্মার দল।