গল টেস্টে ব্যাটারদের পর বল হাতে দাপট দেখাচ্ছেন শ্রীলঙ্কার বোলাররাও। রমেশ মেন্ডিস ও প্রবীন জয়াবিক্রমার স্পিন ঘূর্ণিতে ১১৩ রান সংগ্রহ করতেই ৬ উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শ্রীলঙ্কা প্রথম ইনিংসে করেছে ৩৮৬ রান। দ্বিতীয় দিন শেষে স্বাগতিকদের চেয়ে ২৭৩ রান পিছিয়ে ক্যারিবীয়ানরা। সফরকারীদের সামনে উঁকি দিচ্ছে ফলোঅন শঙ্কা। কাইল মায়ার্স ২২ ও জেসন হোল্ডার ১ রানে অপরাজিত আছেন। 


এর আগে ক্রেগ ব্রাথওয়েট ৪১, জেরমাইন ব্লাকউড ২০, এনক্রুমাহ বোনার ১, শাই হোপ ১০, রোস্টন চেজ ২ ও জোমেল ওয়ারিকন ১ রান করে প্যাভিলিয়নে ফেরেন। শ্রীলঙ্কার বোলারদের মধ্যে মেন্ডিস তিনটি, জয়াবিক্রমা দুটি ও লাসিথ এমবুলদেনিয়া নেন একটি উইকেট।


টেস্টের প্রথম ইনিংসে রান পাহাড়ে চড়ার ইঙ্গিত দিয়েছিল শ্রীলঙ্কা। কিন্তু আজ দ্বিতীয় দিন বদলে যায় দৃশ্যপট। দুই ক্যারিবিয়ান স্পিনার রোস্টন চেজ ও জোমেল ওয়ারিকন ৩৮৬ রানে থামিয়ে থামান লঙ্কানদের। বল হাতে চেজ পাঁচটি ও ওয়ারিকন তিনটি উইকেট শিকার করেন। প্রথম দিন ৩ উইকেটে ২৬৭ রান করেছিল স্বাগতিকরা। কিন্তু দ্বিতীয় দিন সেখান থেকে ১১৯ রান যোগ করেন বাকি সাত ব্যাটার। অগের দিন অপরাজিত থাকা দিমুথ করুনারত্নে থামেন ১৪৭ রানে। ধনাঞ্জয়া ডি সিলভা করেন ৬১ রান। দিনেশ চান্দিমালের ব্যাট থেকে আসে ৪৫ রান।


দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রথমটিতে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। আগের দিন ওপেনিং জুটিতে পাথুম নিশানাকা ও দিমুথ করুনারত্নে স্বাগতিকদের ভালো সূচনা এনে দেন। ওপেনিং জুটিতে তোলেন তারা ১৩৯ রান। শ্যানন গাব্রিয়েলের শিকার হয়ে নিশানাকা ফেরেন ৫৬ রানে। এরপর ওশাদা ফার্নান্দো ও অ্যাঞ্জেলো ম্যাথুস দুইজনই ব্যর্থ হয়ে ফেরেন। দু’জনের ব্যাট থেকেই আসে ব্যক্তিগত ৩ রান করে। উইকেট দুটি তুলে নেন রোস্টন চেজ।


১৬৪ রানে তিন উইকেটে হারিয়ে কিছুটা চাপে পড়ে লঙ্কানরা। কিন্তু চতুর্থ উইকেটে করুনারত্নে-ধনাঞ্জায়ার ১১১ রানের জুটি সে চাপ সামলিয়ে ওঠে শ্রীলঙ্কা। করুনারত্নে তুলে নেন টেস্ট ক্যারিয়ারে ১৩তম শতক। তাকে সঙ্গ দিয়ে ধনাঞ্জায়া তুলে নেন টেস্টে নিজের অষ্টম হাফসেঞ্চুরি।