আফ্রিকা নেশনস কাপে গত আসরের চ্যাম্পিয়ন আলজেরিয়া ও তৃতীয় স্থান দখল করা নাইজেরিয়া দুটি দলই চলতি আসরের কোয়ার্টার ফাইনালের আগেই বিদায় নিয়েছে। তবে এখনো টিকে আছে গতবারের রানার্সআপ সেনেগাল। ক্যামেরুনের দুয়ালা স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে আজ রাত ১টায় নবাগত একুয়াটোরিয়াল গিনির বিপক্ষে মাঠে নামবে ‘দ্য লায়ন্স অব তেরাঙ্গা’খ্যাত দলটি। এর আগে রাত ৮টায় আহমাদু আহিদজো স্টেডিয়ামে শিরোপাপ্রত্যাশী মিসর মুখোমুখি হবে মরক্কোর। লিভারপুলের হয়ে ইউরোপ মাতানো দুই সতীর্থ, দুই বন্ধু মোহাম্মদ সালাহ ও সাদিও মানে আজ নিজ দেশকে সেমিফাইনালে তোলার পরীক্ষায় নামছেন।
সেনেগাল ও মরক্কো শেষ ষোলো থেকে সরাসরি গোল ব্যবধানে জিতে শেষ আটে পা রাখে। কিন্তু মিসর ও একুয়াটোরিয়াল গিনির পথটা ছিল কঠিন। নির্দিষ্ট সময় ও অতিরিক্ত মিনিটে গোল না আসায় টাইব্রেকারে শ্বাসরুদ্ধকর ম্যাচে জিতে কোয়ার্টারে পা রাখে তারা। আইভরি কোস্টের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর পেনাল্টি শুট আউটে ৫-৪ গোলের জয় পায় সালাহর মিসর। একইভাবে টাইব্রেকারে মালির বিপক্ষে ৬-৫ গোলের জয় পায় গিনি। আর মরক্কো ২-১ গোলে মালাবিকে ও
সেনেগাল ২-০ গোলে কেপ ভার্দেকে হারিয়ে এ পর্যন্ত এসেছে। বিবিসি










