এনসিএল টি-টোয়েন্টি লিগে সবার আগে ফাইনালে উঠেছে রংপুর বিভাগ। আজ শনিবার দুপুরে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে ম্যাচে ঢাকা মেট্রোকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় আকবর আলীর দল। আগে ব্যাটিং করে ৯ উইকেটে ১০৭ রান তুলতে সমর্থ হয় মেট্রো। এই রান তাড়া করতে নেমে ৬ উইকেট হারিয়ে শেষ ওভারে জয় নিশ্চিত করে রংপুর। আজ এলিমিনেটর ম্যাচে খুলনা বিভাগের কাছে ৭ রানে হেরে বিদায় নিয়েছে চট্টগ্রাম বিভাগ। ১৪৭ রান তাড়া করতে নেমে ৬ উইকেটে ১৩৯ রান তুলতে সমর্থ হয় চট্টগ্রাম।
পুরো আসরে দুর্দান্ত খেলা ঢাকা মেট্রো গতকাল কোয়ালিফায়ার ম্যাচে এসে বিবর্ণ। দুই পেসার রবিউল হক (৩/১৯), আলাউদ্দিন বাবু (২/২৫) ও স্পিনার আরিফ আহমেদের (১/১৭) দারুণ বোলিংয়ের মুখে নির্ধারিত ২০ ওভারে ১০৮ রান তুলতে সমর্থ হয় তারা। ওপেনার ইমরানুজ্জামান সর্বোচ্চ ৩০ রান করেন ৪২ বলের মোকাবেলায়। এছাড়া আমিনুল ইসলাম বিপ্লব করেন ২৪ বলে ২৩ রান।
এই রান তাড়া করতে নেমে কিছুটা পরীক্ষার মুখে পড়লেও শেষ পর্যন্ত জয় আটকায়নি রংপুরের। মিডল অর্ডারে আরিফুল হক (২০ বলে ২২) ও তানভীর হায়দার (২৪ বলে ২২) এবং টপ অর্ডারের চৌধুরী রিজওয়ান (১৭), আব্দুল্লাহ আল মামুন (১৭) ও নাঈম ইসলামের (১৬) ব্যাটে ভর করে জয় তুলে নেয় রংপুর।
রংপুরের কাছে হারলেও এখনই বিদায় নিচ্ছে না ঢাকা মেট্রো। আরেকটি সুযোগ পাবে তারা। রোববার বেলা সোয়া ১টায় দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে তারা খেলবে খুলনা বিভাগের বিপক্ষে। এই ম্যাচ জিতলে মঙ্গলবারের ফাইনালে আবারো দেখা হবে রংপুরের সঙ্গে।










