প্রথম আট ম্যাচ টানা জিতে সবার আগে একাদশ বিপিএলের প্লে-অফে খেলা নিশ্চিত করা রংপুর রাইডারস এখন হারের বৃত্তে। টানা চার ম্যাচে হেরেছে নুরুল হাসান সোহানের দল। এমনকি এ চার হারে তারা শীর্ষস্থান থেকে নেমে যায় তৃতীয় স্থানে। ফলে তাদের খেলতে হবে ‘এলিমিনেটর’ ম্যাচ। আজ বেলা দেড়টায় কোয়ালিফায়ারে ওঠার ম্যাচে তাদের প্রতিপক্ষ খুলনা টাইগারস। এদিকে আজ সন্ধ্যায় প্রথম কোয়ালিফায়ার ম্যাচে টেবিলের শীর্ষ দল ও বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের মুখোমুখি হবে শেষ দিনের জয়ে দুইয়ে ওঠা কিংস। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।
গতকাল বসুন্ধরায় অনুশীলন শেষে রংপুরের অলরাউন্ডার মেহেদী হাসান সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘এখানে (সেরা দুইয়ে) থাকতে পারলে ভালো হতো। পুরো নকআউটে চলে এসেছি। এটা আসলে ডু অর ডাই।’










