ইউক্রেনের ওপর আগ্রাসনের কারণে রাশিয়ার এবং তাদের সমর্থনের জন্য বেলারুশের প্রতিযোগীদের উইম্বলডনের আসন্ন আসর থেকে নিষিদ্ধ করেছে ইংল্যান্ড লন টেনিস ক্লাব (এইএলটিসি)। তবে সংস্থাটির এই সিদ্ধান্ত পছন্দ করছেন না টেনিসের নম্বর ওয়ান তারকা নোভাক জোকোভিচ।

সার্বিয়ান তারকা বলেছেন, আমি সবসময় যুদ্ধের নিন্দা করব। নিজে যুদ্ধের শিশু বলে আমি কখনোই যুদ্ধকে সমর্থন করব না। আমি জানি এটা কতটা মানসিক সমস্যা করে। আমরা সবাই জানি ১৯৯৯ সালে সার্বিয়ায় কী ঘটেছিল। সাম্প্রতিক ইতিহাসে বলকানে অনেক যুদ্ধ দেখেছি আমরা। 

জোকোভিচ আরো বলেছেন, যাহোক এরপরেও আমি উইম্বলডনের সিদ্ধান্তকে সমর্থন করতে পারি না। আমি মনে করে এটি একটু বেশি হয়ে গেছে। তবে রাজনীতি যখন খেলায় হস্তক্ষেপ করে, তখন এর ফলাফল খুব ভালো হয় না।

আগামী ২৭ জুন শুরু হয়ে ১০ জুলাই পর্যন্ত চলবে টেনিসের মেজর টুর্নামেন্ট উইম্বলডন ২০২২। ফিফা ও উয়েফার নিষেধাজ্ঞার কারণে ইউরোপিয়ান বিশ্বকাপ বাছাই পর্বের প্লে-অফ ম্যাচ খেলতে পারেনি রাশিয়া। এবার উইম্বলডন দিয়ে প্রথমবার টেনিসের মেজর টুর্নামেন্ট থেকেও দেশটির প্রতিযোগীরা নিষিদ্ধ হয়েছে। এর ফলে বিশ্ব টেনিস র্যাংকিংয়ের দুই নম্বর রাশিয়ান তারকা দানিল মেদভেদেভকে আসন্ন উইম্বলডন প্রতিযোগিতায় দেখা যাবে না। নারীদের শীর্ষ বাছাই চারে থাকা বেলারুশিযান টেনিস তারকা আরিনা সাবালেঙ্কারও খেলা হচ্ছে না এই প্রতিযোগিতায়। কপাল পুড়েছে সাবেক নম্বর ওয়ান তারকা ভিক্টোরিয়া আজারেঙ্কারও।

পুরুষদের এটিপির র্যাংকিংয়ে শীর্ষ ৩০ -এর মধ্যে চারজন রাশিয়ান টেনিস খেলোয়াড় রয়েছেন। ডব্লিউটিএ’র নারীদের মধ্যে শীর্ষ ৪০-এর মধ্যে পাঁচজন টেনিস খেলোয়াড় আছেন রাশিয়ার। রয়টার্স