ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) গতকাল রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জকে ৮০ রানে হারিয়েও সুপার সিক্সে উঠতে পারল না মোহামেডান। বিকেএসপির ৩ নম্বর গ্রাউন্ডে আগে ব্যাটিং করে ৪৭.৫ ওভারে ৩০৭ রান সংগ্রহ করে মোহামেডান। কুশল মেন্ডিস ১০১ ও মাহমুদউল্লাহ ৭০ রান করেন। মেহেদী হাসান রানা ৫০ রানে চারটি উইকেট নেন। জবাবে ২২৭ রানে অলআউট হয় লিজেন্ডস অব রূপগঞ্জ। নাঈম ইসলাম সর্বোচ্চ ৮০ রান করেন। নাজমুল ইসলাম অপু ৩৫ রানে ৫টি উইকেট নেন।

 

এই জয়ের পরও এবার সুপার সিক্সে খেলা হবে না মোহামেডানের। তাদের পেছনে ফেলে সুপার সিক্সে যথাক্রমে পঞ্চম ও ষষ্ঠ দল হিসেবে সুযোগ পেয়েছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব (১০ পয়েন্ট) ও  গাজী গ্রুপ ক্রিকেটার্স (১০ পয়েন্ট)।

 

গতকাল আরেক ম্যাচে সিটি ক্লাবকে ৫৩ রানে হারায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আগে ব্যাটিং করে ১৯৭ রানে অলআউট হয় শেখ জামাল। মঈনুল ইসলাম ও আব্দুল হালিম প্রত্যেকেই তিনটি করে উইকেট নেন। জবাবে সিটি ক্লাব ১৪৪ রানে গুটিয়ে যায়। জিয়াউর রহমান ও পারভেজ রসুল দুটি করে উইকেট নেন। ৬১ রান করে ম্যাচসেরা হন শেখ জামালের ইমরুল কায়েস।

 

গতকালের জয়ে শীর্ষে থাকা শেখ জামালের পয়েন্ট দাঁড়াল ১০ ম্যাচে ১৮। তাদের সঙ্গে সুপার সিক্স রাউন্ডে খেলা নিশ্চিত হয়েছে আবাহনী (১৪ পয়েন্ট), লিজেন্ডস অব রূপগঞ্জ (১৪ পয়েন্ট), প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব (১০ পয়েন্ট), রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব (১০ পয়েন্ট) ও  গাজী গ্রুপ ক্রিকেটার্সের (১০ পয়েন্ট)। গাজী গ্রুপের চেয়ে মাত্র দশমিক শূন্য ১৫ পয়েন্টে পিছিয়ে পড়ে এবার সুপার সিক্সে খেলা হলো না মোহামেডানের। এছাড়া শাইনপুকুর (৮ পয়েন্ট), ব্রাদার্স (৬ পয়েন্ট) ও সিটি ক্লাবও (৬ পয়েন্ট) সুপার সিক্সে উঠবে ব্যর্থ হয়েছে।

 

গতকাল বিকেএসপিতে তলানির দুই দলের লড়াইয়ে খেলাঘর সমাজকল্যাণ সমিতিকে ১৩ রানে হারায় ব্রাদার্স ইউনিয়ন। আগে ব্যাটিং করে ৫ উইকেটে ৩০৬ রান তোলে ব্রাদার্স। জবাবে খেলাঘর ২৯৩ রানে অলআউট হয়। ৭৫ বলে ৮৮ রান করে ম্যাচসেরা হন ব্রাদার্সের আমিনুল ইসলাম বিপ্লব।