ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে ভর করে শনিবার রাতে ভিয়ারিয়ালকে ২-১ গোলে হারিয়ে স্প্যানিশ লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ। হারানো শীর্ষস্থান পুনরুদ্ধার করতে আজ রাতে অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হচ্ছে বার্সেলোনা। আজ রাত ২টায় শুরু হবে অ্যাটলেটিকো ও বার্সেলোনার ক্ল্যাসিক।

২৮ রাউন্ড শেষে ৬০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থানে রিয়াল, ২৬ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সেলোনা ও ২৭ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে তিনে অ্যাটলেটিকো।

হুয়ান ফয়েথ ম্যাচের সপ্তম মিনিটে গোল করে ভিয়ারিয়ালকে এগিয়ে দেন। এরপর এমবাপ্পে ছয় মিনিটের মধ্যে দুই গোল করে রিয়ালকে লিড এনে দেন। ১৭ মিনিটে প্রথম গোল ও ২৩ মিনিটে দ্বিতীয় গোল করেন তিনি। দ্বিতীয়ার্ধে দুই দলের কেউই গোল দিতে না পারলে ২-১-এ জয় নিশ্চিত হয় রিয়ালের। এ জয়ে বার্সাকে দুইয়ে ঠেলে দিয়ে শীর্ষে উঠে যায় লস ব্লাঙ্কোসরা। এদিকে, টানা দুই হারে টেবিলের পঞ্চম স্থানে নেমে যায় ভিয়ারিয়াল। চ্যাম্পিয়নস লিগ পজিশন থেকে পাঁচ পয়েন্ট দূরে তারা।

এদিকে, জোড়া গোল করে লা লিগার চার্টে দুইয়ে উঠলেন এমবাপ্পে। চলতি মৌসুমে ২০ গোল হয়ে গেল ফরাসি সুপারস্টারের। তার চেয়ে এক গোল বেশি করে চার্টের এক নম্বরে বার্সেলোনার রবার্ট লেভানডভস্কি। রিয়ালের জার্সিতে শুরুটা নড়বড়ে হলেও ক্রমেই পায়ের নিচে মাটি খুঁজে পাচ্ছেন এমবাপ্পে। চলতি মৌসুমে রিয়ালের লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ মিশনে তিনিই গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন।