এর সর্বশেষটি এসেছে ২২ বছর আগে। ২০০৩-০৪ মৌসুমে লিগ শিরোপা জয় করে গানাররা। এরপর আর উত্তর লন্ডনের ক্লাবে লিগ শিরোপা জয়ের উৎসব হয়নি। কয়েকবার কাছাকাছি গিয়েও হতাশ হয় ক্লাবটি। অবশেষে শিরোপার সুবাস পাচ্ছে তারা। এবার এসেছে সুবর্ণ সুযোগ। চলতি মাসে ‘ডাবল’ উৎসবও হতে পারে আর্সেনাল স্টেডিয়ামে। লিগ শিরোপার পাশাপাশি তারা প্রথমবারের মতো জিতে নিতে পারে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাও।

গতকাল সন্ধ্যা পর্যন্ত ম্যানচেস্টার সিটির চেয়ে পাঁচ পয়েন্টে এগিয়ে ছিল আর্সেনাল। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলেছে ম্যানসিটি। ২২ বছরের মধ্যে প্রথম শিরোপার স্বাদ পেতে আর্সেনালকে পরের তিন ম্যাচে তিনটি জয় পেতে হবে। আবার সিটি হারলে কিংবা ড্র করলে সমীকরণ সহজ হবে গানারদের জন্য।

আজ লন্ডন স্টেডিয়ামে ওয়েস্ট হ্যামের মুখোমুখি আর্সেনাল। অবনমন ঝুঁকি থাকায় ওয়েস্ট হ্যামও জিততে মরিয়া, আবার শিরোপার জন্য জিততে মরিয়া হয়ে খেলবে আর্সেনাল। ফলে আজকের ম্যাচটি হবে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।

এরপর ১৮ মে হোম ম্যাচে বার্নলির বিপক্ষে ও ২৪ মে সেলহার্স্ট পার্কে ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হবে গানাররা। ম্যানসিটি গতকাল রাতে ব্রেন্টফোর্ডের মুখোমুখি হয়। পরের তিনটি ম্যাচে তারা খেলবে ক্রিস্টাল প্যালেস (১৩ মে), বোর্নমাউথ (১৯ মে) ও অ্যাস্টন ভিলার বিপক্ষে (২৪ মে)। ৪ মে এভারটনের সঙ্গে ম্যানসিটির ড্র সুবিধা করে দিয়েছে আর্সেনালকে। ওই ম্যাচে সিটি জিতলে আর্সেনালকে একটি পর্যায়ে ধরে ফেলার সুযোগ থাকত। কিন্তু এখন যে সমীকরণ, তাতে আর্সেনাল ও ম্যানসিটি উভয়েই নিজ নিজ ম্যাচগুলো জিতলে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হবে গানাররা।

চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে অ্যাটলেটিকোকে হারানোর পর আর্সেনালের ট্রেনিংয়ে মনোবল ও আত্মবিশ্বাস এখন তুঙ্গে। গানাররা আজ হ্যামারদের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্ট তুলে নেয়ার পরিকল্পনা করছে। ওয়েস্ট হ্যাম আছে টেবিলের ১৮তম স্থানে। তাদের চেয়ে মাত্র ১ পয়েন্টে এগিয়ে থেকে ১৭তম স্থানে টটেনহ্যাম হটস্পার্স। ৪২ পয়েন্ট নিয়ে নটিংহ্যাম ফরেস্ট ১৬তম। অর্থাৎ টটেনহ্যাম ও ওয়েস্টহ্যামের মধ্যে একটি দলের অবনমিত হয়ে যাওয়ার শঙ্কা রয়েছে।

শিরোপার লড়াইটা এবার আর্সেনাল ও ম্যানসিটির মধ্যেই সীমিত রয়েছে। সিটি শুরুতে পিছিয়ে পড়লেও পরে দারুণভাবে কামব্যাক করে। টানা ১১ ম্যাচে অপরাজিত থেকে তারা শিরোপার সম্ভাবনা জাগায়। এ পথে আর্সেনালকেও ২-১ গোলে হারিয়ে দেয় পেপ গার্দিওলার দল। যদিও গত সোমবার ডিকিসন স্টেডিয়ামে এভারটনের সঙ্গে ৩-৩ গোলের ড্র তাদের চরমভাবে হতাশ করে। এ ড্র এবারের শিরোপার মীমাংসা অনেকটাই করে দিয়েছে। এখন আর্সেনাল বড় কোনো ভুল না করলেই শিরোপার উদযাপন করতে পারবে।

কী হবে ওয়েস্ট হ্যামের? আর্সেনালের পর নিউক্যাসলের মাঠে ও লিডসের বিপক্ষে নিজেদের মাঠে খেলবে তারা। এপ্রিলে দুটি জয় ও একটি ড্র তাদের টিকে থাকার আশা জাগায়।

যদিও গত সপ্তাহে ব্রেন্টফোর্ডের কাছে ৩-০ গোলে হেরে আবার ব্যাকফুটে হ্যামাররা। সেই হারটি টটেনহ্যামকে অবনমন অঞ্চল থেকে বের হয়ে যাওয়ার সুযোগ তৈরি করে দেয়। ওয়েস্ট হ্যাম কোচ নুনো এস্পিরিতো সান্তো মনে করেন, আজকের ম্যাচটি তাদের টিকে থাকার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।