ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বে গতকাল শেষ দিন চরম নাটকীয়তা শেষে কোয়ালিফাই করল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ টানা দুই ম্যাচ জিতেও বিশ্বকাপে উঠতে ব্যর্থ হলো আর বাংলাদেশ ভারতের টিকিট পেল শেষ দুই ম্যাচ হেরেও! নিট রান রেটে সামান্যতম ব্যবধানে ক্যারিবীয় মেয়েদের পেছনে ফেলে টানা দ্বিতীয়বারের মতো ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেল নিগার সুলতানার দল। ৫ ম্যাচে দুই দলেরই সমান ৬ পয়েন্ট। বাংলাদেশের রান রেট +০.৬৩৯, ওয়েস্ট ইন্ডিজের রান রেট +০.৬২৬।
গতকাল সকালে পাকিস্তানের কাছে হেরে বাংলাদেশের ভাগ্য ঝুলে থাকে। তারা অপেক্ষায় থাকে থাইল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের ফলাফলের। থাই নারীরা ১৬৬ রানে অলআউট হওয়ার পরই ওয়েস্ট ইন্ডিজ জেনে যায়, কী করলে তারা বাংলাদেশকে টপকে ২০২৫ সালের ওয়ানডে বিশ্বকাপে উঠে যাবে। তাদের ১৬৭ রান করতে হতো ১০.১ মাত্র ওভারে। স্কোর সমান হয়ে গেলে ছক্কা মেরে ১১ ওভারে জিতলেও চলত। ক্যারিবীয়রা প্রায় ‘অসম্ভব’ এ সমীকরণ প্রায় মিলিয়েই ফেলেছিল।
লক্ষ্যটা কঠিন হলেও জানা ছিল বলে শুরু থেকেই এর পেছন ছোটা শুরু করে হেইলি ম্যাথুজের দল। শুরু থেকে থাই বোলারদের ওপর ঝড় বইয়ে দেন ম্যাথুজ। ওভারপ্রতি প্রায় ১৫ রান তুলতে থাকেন তারা। ৬ ওভার শেষে তাদের স্কোর বোর্ডে জমা পড়ে ১ উইকেটে ৮৭ রান। ৭ ওভার শেষে ১০৫/২, ৮ ওভার শেষে ১১৫/২ এবং ৯ ওভার শষে ১৩৬/২। শেষ ওভারে কাজটা কঠিন হয়ে পড়ে। ৩১ রান করলে সমীকরণ মিলত তাদের। শেষ ওভারে তারা তুলতে পেরেছে ২০ রান।
স্টেফানি টেলরের ছক্কায় ১০.৫ ওভারে জয় আসে ওয়েস্ট ইন্ডিজের। ২৩৫ বল হাতে রেখে জিতেছে ক্যারিবীয়রা। তবে ততক্ষণে বিশ্বকাপে ওঠার সুযোগ শেষ হয়ে যায় ম্যাথুজের দলের। জিতেও তাদের মুখে হাসি নেই। তারা জিতেও যে হেরে গেলেন আর বাংলাদেশ সকালে পাকিস্তানের কাছে হারলেও সন্ধ্যায় বিশ্বকাপে ওঠার আনন্দে হাসলেন নিগার ও তার সতীর্থরা।
নারী ওয়ানডের দ্রুততম সেঞ্চুরির আশা জাগানো ম্যাথুজ ২৯ বলে ৭০ রানের টর্নেডো ইনিংস খেলে বিদায় নেন। ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ তখন ৭ ওভারে ১০৫/২। বিশ্বকাপে উঠতে তাদের প্রয়োজন ১৮ বলে ৬২ রান। ক্রমে আশা বাড়ে বাংলাদেশের। যদিও নতুন ব্যাটার শিনলে হেনরি বিস্ফোরক ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজেরও আশা বাঁচিয়ে রাখেন। তিনি ১৭ বলে ৪৮ রানের ইনিংস খেলেও শেষ পর্যন্ত দলের স্বপ্নপূরণে ব্যর্থ হন।
লাহোরে গতকাল সকালে পাকিস্তানের কাছে ৭ উইকেটে হারের পর নিজেদের ভাগ্যটা ওয়েস্ট ইন্ডিজের হাতে ছেড়ে দেয় বাংলাদেশ। তখন থেকে রুদ্ধশ্বাস অপেক্ষা। অবশ্য কাছাকাছি গিয়েও পারেননি ক্যারিবীয় নারীরা।
এ নিয়ে দ্বিতীয়বারের মতো ওয়ানডে বিশ্বকাপে নাম লেখাল বাংলাদেশ। তারা ২০২২ সালে প্রথমবার বিশ্বকাপ খেলেছেন। এছাড়া পাঁচবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছেন টাইগ্রেসরা।










