আগামী শুক্রবার দক্ষিণ আফ্রিকার মাঠে প্রথম ওয়ানডে ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে দুই টেস্টের সিরিজেও অংশ নেবে টাইগাররা। এ দুই সিরিজের জন্য জাতীয় দলের তারকারা এখন দক্ষিণ আফ্রিকায় অবস্থান করছেন। এমনই সময় শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল)। মঙ্গলবার শুরু হতে যাওয়া তারকাহীন এ লিগ নিশ্চিতভাবেই জৌলুস হারাবে।
২০২১-২২ আসরে একজন করে বিদেশী খেলোয়াড় খেলাতে পারবে ক্লাবগুলো। ২০১৯-২০ সালের ডিপিএলে বিদেশী ক্রিকেটার রাখার নিয়ম তুলে নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওইবার করোনার কারণে মাঝপথে বন্ধ হয়ে যায় লিগ। ২০২০-২১ সালে ডিপিএলের টি২০ সংস্করণেও ছিল না কোনো বিদেশী। এবার সেই সুযোগ থাকছে দলগুলোর সামনে।
৫০ ওভারের এ প্রতিযোগিতায় এবার শিরোপার জন্য লড়াই করবে ১১টি ক্লাব। ১২টি দল নিয়ে হওয়ার কথা থাকলেও পরে নাম প্রত্যাহার করেছে প্রাইম দোলেশ্বর। ৪৪ দিনের মধ্যেই ঢাকা প্রিমিয়ার লিগের আসর শেষ করতে চায় ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। ভেনু হিসেবে থাকছে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, বিকেএসপির ৩ ও ৪ নম্বর মাঠ।
গত ২ ও ৩ মার্চ স্থানীয়দের নিয়ে দলবদল সম্পন্ন করেছে ক্লাবগুলো। সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদকে নিয়ে তারকাখচিত দল গড়েছে মোহামেডান। যদিও কেবল মাহমুদউল্লাহকে ছাড়া আর কাউকেই ১৫ এপ্রিলের আগে পাওয়া সম্ভব নয়। ২৩ মার্চ ওয়ানডে সিরিজ শেষ করে ফিরবেন মাহমুদউল্লাহ।
এবারের লিগে অংশ নিচ্ছে মোহামেডান, আবাহনী, প্রাইম ব্যাংক, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, গাজী গ্রুপ, শাইন পুকুর, খেলাঘর, লিজেন্ডস অব রূপগঞ্জ, ব্রাদার্স ইউনিয়ন, সিটি ক্লাব ও রূপগঞ্জ টাইগার্স।










