চোট কাটিয়ে প্রায় আড়াই মাস পর প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) হয়ে গত মাসে মাঠে নামেন নেইমার জুনিয়র। এবার জাতীয় দলেও ফিরলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। চলতি মাসের শেষ দিকে চিলি ও বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের জন্য ২৫ সদস্যের দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ লিওনার্দো বাচ্চি তিতে।

গত ২৮ নভেম্বর লিগ ওয়ানে খেলার সময় গোঁড়ালিতে চোট পান নেইমার। ফিট হয়ে গত মাসে চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে ফেরেন তিনি। এবার ফিরলেন সেলেসাওদের স্কোয়াডেও।

সবশেষ গত জানুয়ারির বাছাইপর্বের দল থেকে খুব বেশি পরিবর্তন আনেননি তিতে। বাদ পড়েছেন জুভেন্টাস ডিফেন্ডার আলেক্স সান্দ্রো। দলে জায়গা হয়নি ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড গাব্রিয়েল জেসুসের। আগামী ২৪ মার্চ ঘরের মাঠে চিলির বিপক্ষে ও ছয়দিন পর বলিভিয়ার মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সবার আগে কাতার বিশ্বকাপ নিশ্চিত করেছে ব্রাজিল। বাছাইয়ে এখন পর্যন্ত ১৫ ম্যাচ খেলে অপরাজিত পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ১৫ ম্যাচে ১২ জয় ও ৩ ড্রয়ে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ব্রাজিল। সমান ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্জেন্টিনা।

ব্রাজিল দল:

গোলরক্ষক: অ্যালিসন বেকার, এডারসন, ওয়েভারটন। ডিফেন্ডার: দানিলো, দানি আলভেস, আলেক্স তেলেস, গিলের্মে আরানা, থিয়াগো সিলভা, মার্কিনোস, গাব্রিয়েল, এডার মিলিতাও, আর্থার মেলো। মিডফিল্ডার: ক্যাসেমিরো, ফাবিনহা, ফ্রেড, লুকাস প্যাকেতা, ফিলিপে কুতিনহো, ব্রুনো গিমারেস, আন্তোনি। ফরোয়ার্ড: রাফিনহা, রিচার্লিসন, নেইমার, রদ্রিগো, ভিনিসিউস জুনিয়র, গাব্রিয়েল মার্টিনেলি। এএফপি