লিওনেল মেসি ২০১৪ সালে প্রথম সুযোগে আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দিতে পারেননি। আগামীকাল রোববারের (১৮ ডিসেম্বর) দ্বিতীয় সুযোগটি তার সামনে। এদিন জয় বা গোলের দেখা পেলে একাধিক ব্যক্তিগত রেকর্ড গড়বেন তিনি।

এছাড়া মাত্র ২৪ মিনিট খেললেই সবচেয়ে দীর্ঘ সময় বিশ্বকাপ খেলার পুরোনো রেকর্ড ভেঙে দিতে পারবেন।

পেলে ও দিয়েগো ম্যারাডোনার সঙ্গে তুলনা করা হয় মেসিকে। দক্ষতা ও সাফল্য তাকে সর্বকালের সেরা ফুটবলারের লড়াইয়ে নিয়ে এসেছে। পেলেকেও ছাড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে তার।

চলুন বিদেশী সংবাদমাধ্যম অনুসরণে দেখে নেয়া যাক কী সব কীর্তি অপেক্ষা করছে মেসির জন্য-

* ২০০৬ সাল থেকে ফুটবল বিশ্বকাপে ২৫টি ম্যাচ খেলেছেন মেসি। বিশ্বকাপের সবচেয়ে বেশি ম্যাচ খেলার ক্ষেত্রে তিনি রয়েছেন যুগ্মভাবে প্রথম স্থানে। তার সঙ্গে প্রথম স্থানে রয়েছেন জার্মানির বিশ্বজয়ী সাবেক অধিনায়ক লোথার ম্যাথিউজ। তবে ফ্রান্সের বিরুদ্ধে ফাইনাল হবে মেসির বিশ্বকাপের ২৬তম ম্যাচ। এর ফলে এককভাবে শীর্ষে চলে আসবেন তিনি।

* ২৫টি ম্যাচ মিলিয়ে বিশ্বকাপে মেসি এখন পর্যন্ত খেলেছেন মোট ২১৯৪ মিনিট। সময়ের হিসাবে তিনি রয়েছেন দ্বিতীয় স্থানে। শীর্ষে রয়েছেন ইতালির সাবেক ফুটবলার পাওলো মালদিনি। তিনি বিশ্বকাপে মোট ২২১৭ মিনিট খেলেছেন। রোববারের ফাইনালে মাত্র ২৪ মিনিট খেললে মেসি শীর্ষে উঠে আসবেন।

* মেসি জয়ের স্বাদ পেয়েছেন ১৬টি ম্যাচে। এ ক্ষেত্রেও তিনি রয়েছেন দ্বিতীয় স্থানে। ১৭তম ম্যাচে জয় পেলে জার্মানির সাবেক ফুটবলার মিরোস্লাভ ক্লোজের কাছ থেকে বেশি ম্যাচ জেতার রেকর্ড কেড়ে নেবেন মেসি।

* এখনো পর্যন্ত মেসি অ্যাসিস্ট করে বিশ্বকাপে ৯টি গোল করিয়েছেন সতীর্থদের দিয়ে। ফাইনালে দুটি গোল করাতে পারলে ভেঙে দেবেন পেলের রেকর্ড। বিশ্বকাপের ম্যাচে পেলে সতীর্থদের দিয়ে ১০টি গোল করিয়েছেন। যে রেকর্ড এখনো কেউ ভাঙতে পারেনি।

* ২০১৪ সালে দেশকে বিশ্বকাপ জেতাতে না পারলেও প্রতিযোগিতার সেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন মেসি। জিতেছিলেন গোল্ডেন বল। কাতারেও সোনার বল জেতার অন্যতম দাবিদার। বিশ্বকাপের ৯২ বছরের ইতিহাসে কোনো ফুটবলারের দু’বার গোল্ডেন বল জেতার নজির নেই।

* এখনো পর্যন্ত বিশ্বকাপে মেসি ১১টি গোল করেছেন এবং ৯টি গোল করিয়েছেন সতীর্থদের দিয়ে। অর্থাৎ, ২০টি গোলে তার অবদান রয়েছে। এ ক্ষেত্রে তার আগে রয়েছেন শুধু পেলে। ব্রাজিলের সাবেক ফুটবলার বিশ্বকাপে ১২টি গোল করেছিলেন এবং সতীর্থদের দিয়ে করিয়েছিলেন ১০টি গোল। সে হিসেবে ফাইনালে দলের ২টি গোলে অবদান রাখতে পারলে এ ক্ষেত্রেও পেলেকে ছুঁয়ে ফেলবেন মেসি।

* কাতার বিশ্বকাপে মেসি এখন পর্যন্ত করেছেন ৫টি গোল। গোল্ডেন বুট জেতার দৌড়ে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছেন। প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতা হতে পারলে তিনি জিতবেন গোল্ডেন বুট। বিশ্বের সপ্তম ফুটবলার হিসেবে বিশ্বকাপে গোল্ডেন বুট ও গোল্ডেন বল জেতার নজির গড়বেন মেসি।