বাংলাদেশের টি-টোয়েন্টি যাত্রা ২০০৬ সালের নভেম্বরে। সেই থেকে এখন পর্যন্ত বিশ্বকাপ, এশিয়া কাপ ও ত্রিদেশীয় সিরিজের বাইরে ৪৮টি দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে টাইগাররা চলতি সিরিজসহ জিতেছে ১৫টি। এখন পর্যন্ত দুবার ৩-০ ব্যবধানে জয়ের কৃতিত্ব দেখিয়েছে তারা। সেন্ট ভিনসেন্টের আর্নস ভেল স্টেডিয়ামে টানা দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ। শুক্রবার (২০ ডিসেম্বর) ভোরে তৃতীয় ম্যাচ জিতে ৩-০ করার সুযোগ। সেটি করতে পারলে তৃতীয়বারের মতো আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমবারের মতো ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জয়ের গৌরব অর্জন করবে বাংলাদেশ।
২০১২ সালে আয়ারল্যান্ডকে তাদেরই মাটিতে ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজে হারায় বাংলাদেশ। দ্বিতীয়বারের মতো ৩-০তে টি-টোয়েন্টি জয়ের কীর্তি ধরা দেয় ২০২৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে। যদিও এর বাইরে ৫ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়াকে ৪-১-এ, নিউজিল্যান্ডকে ৩-২-এ ও জিম্বাবুয়েকে ৪-১-এ হারানোর কৃতিত্ব দেখায় বাংলাদেশ। অর্থ্যাৎ, ৫ ম্যাচের সিরিজে বাংলাদেশ কখনো হারেনি।
বাংলাদেশ ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজে হেরেছে আফগানিস্তান, নিউজিল্যান্ড, পাকিস্তান ও ভারতের কাছে।
ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে এটা বাংলাদেশের অষ্টম টি-টোয়েন্টি সিরিজ। এর মধ্যে বাংলাদেশ জিতেছে তিনটি, আর ওয়েস্ট ইন্ডিজ জিতেছে চারটি। ২০২২ সালের ওয়েস্ট ইন্ডিজ সফরে ২-০তে সিরিজ হারলেও এবার ৩-০তে জয়ের সুযোগ এসেছে লিটন কুমার দাসদের সামনে। সেই সঙ্গে হেড-টু-হেড রেকর্ডের ব্যবধানও কমিয়ে আনার সুযোগ। ১৮ ম্যাচের মুখোমুখিতে ওয়েস্ট ইন্ডিজ ৯টি ও বাংলাদেশ ৭টি জিতেছে। শুক্রবার সেন্ট ভিনসেন্টে বাংলাদেশ জিতলেই ব্যবধান হয়ে যাবে ৮-৯।
বড় দলগুলোর মধ্যে শুধু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টিতে কোনো জয় নেই বাংলাদেশের। ৯ বার খেলে প্রতিবারই হেরেছে তারা।
এবারের ওয়েস্ট ইন্ডিজ সফরে ১-১-এ টেস্ট সিরিজ ড্র করার পর ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। এবার সেই লজ্জা ক্যারিবীয়দের ফিরিয়ে দেয়ার সুযোগ এসেছে। প্রথম ম্যাচে শেখ মেহেদী হাসানের অলরাউন্ড নৈপুন্যে ৭ রানের জয় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের ১২৯ রানের পুঁজি নিয়েও ২৭ রানে হারিয়ে দেয় টাইগার বাহিনী। তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন আর মেহেদী হাসানরা প্রত্যেকেই দুর্দান্ত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ১০২ রানে অলআউট করে দেন।










