বিশ্বকাপের সেমিফাইনালে মরক্কোর বিপক্ষে জিতে
স্বভাবতই আনন্দিত ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। তবে প্যারিস সেন্ট-জার্মেইর সতীর্থ
ও মরক্কোর তারকা আশরাফ হাকিমিকে তৎক্ষণাৎ সমবেদনা জানাতে ভোলেননি। খবর এনডিটিভি।
গতকাল বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে
ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা অ্যাটলাস লায়ন্সকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিপক্ষে
ফাইনালে ওঠে।
মরক্কোর স্বপ্ন শেষ করে সাতটি টুর্নামেন্টের
মধ্যে চতুর্থ বিশ্বকাপের ফাইনালে গেল ফ্রান্স। থিও হার্নান্দেজের প্রথম দিকের একটি
গোল ও দেরিতে রান্ডাল কোলো মুয়ানির দ্বিতীয় গোলে জয় পায় ইউরোপের দেশটি।
শেষ বাঁশি বাজানোর পর আফ্রিকান দলের স্বপ্নের
বিশ্বকাপে বিশাল ভূমিকা রাখা হাকিমিকে সান্ত্বনা দিতে যান এমবাপ্পে। এ সময় এমবাপ্পে
ও হাকিমি আলিঙ্গন করেন এবং উভয় খেলোয়াড় জার্সি বিনিময় করেন।
এমবাপ্পে পরে একটি টুইটে হাকিমির ‘ইতিহাস’ গড়ার প্রশংসা করে
সতীর্থকে নিয়ে ‘গর্বিত’ বলেও জানান। ওই টুইটে এমবাপ্পে লেখেন, আপনি (হাকিমি) যা করেছেন
সবাই সেজন্য গর্বিত। আপনি ইতিহাস রচনা করেছেন।
মরোক্কো প্রথম আফ্রিকান দল, যারা বিশ্বকাপের
সেমিফাইনালে পৌঁছেছে এবং তুমুল লড়াই করে সবার মন কেড়ে নিয়েছে।
অন্যদিকে ফ্রান্স চতুর্থবারের মতো ফাইনালে
পৌঁছেছে। এ দলের তারকা খেলোয়াড় এমবাপ্পে এই টুর্নামেন্টে এখন পর্যন্ত পাঁচটি গোল করেছেন।
আগামী রোববার (১৮ ডিসেম্বর) লুসাইল স্টেডিয়ামে জয়ী হলে পরপর দুটি বিশ্বকাপ ট্রফি
দখলে নেবে।










