সেন্ট ভিনসেন্টের আর্নস ভেল স্টেডিয়ামে সোমবার টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৭ রানে হারানোর কৃতিত্ব দেখায় বাংলাদেশ। এই জয়ে দারুণ এক প্রাপ্তির হাতছানি বাংলাদেশের সামনে। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জয়ের সুযোগ এসেছে লিটন দাস, শেখ মেহেদী হাসানদের সামনে।
‘প্রথম’ সিরিজ জয় নিয়ে অবশ্য খানিকটা কনফিউশন দূর করা প্রয়োজন। এ নিয়ে পঞ্চমবার ওয়েস্ট ইন্ডিজের মাঠে টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। আগের চার সিরিজের মধ্যে দুটি ওয়েস্ট ইন্ডিজ আর একটি বাংলাদেশ জিতেছে, বাকিটি ড্র হয়। ২০১৮ সালে বাংলাদেশ যে সিরিজটা জিতেছে তার তিন ম্যাচের দুটি হয়েছে যুক্তরাষ্ট্রের লডারহিলে। ওই দুটি ম্যাচ জিতে যায় বাংলাদেশ। সেটা ওয়েস্ট ইন্ডিজের ‘হোম’ সিরিজ হলেও টাইগাররা কি পুরোপুরি ক্যারিবীয় দ্বীপ জয়ের স্বাদ পেয়েছে?
এবার সেই সুযোগের হাতছানি। বুধবার ভোরে সেন্ট ভিনসেন্টের আর্নস ভেল স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি জিতলেই ২-০তে সিরিজ নিশ্চিত করে ফেলবে বাংলাদেশ।
সোমবার প্রথম ম্যাচে জয়ের নায়ক শেখ মেহেদী হাসান তো স্বপ্নের কথা বলেই দিয়েছেন, ‘টেস্ট সিরিজে আমরা জয় দিয়ে শেষ করেছি। ওয়ানডেতে ভালো শুরু করেও ধরে রাখতে পারিনি। বিজয়ের মাসে টি-টোয়েন্টিতে শুরুটা ভালো হলো। সামনে আরও দুটি ম্যাচ আছে। সিরিজ জেতার জন্য যা কিছু করতে হবে, প্রস্তুত আছে সবাই।’
শেখ মেহেদী ৪ ওভারে ১৩ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর নায়ক। ১৪৮ রান তাড়া করতে নেমে ক্যারিবীয়রা ১৪০ রানে অলআউট। এতেই ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তৃতীয়বারের মতো সিরিজ জয়ের আশা জাগিয়েছে বাংলাদেশ।










