ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার ক্ষত না শুকাতেই ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। সোমবার ভোর ৬টায় সেন্ট ভিনসেন্টে শুরু হবে প্রথম ম্যাচ। পরের দুটি ম্যাচও এই ভেন্যুতে। টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলনায়ক লিটন দাস কঠিন বাস্তবতার কথা মনে করিয়ে দিয়ে বলেছেন, টি-টোয়েন্টি তাদের জন্য কঠিনই হয়।

২০ ওভারের ফরম্যাটে বাংলাদেশ কখনই তেমন উজ্জ্বল নয়। দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ১৬ বারের মুখোমুখিতে ৯ বার হেরেছে বাংলাদেশ। লিটন তাই বলছেন, ‘টি-টোয়েন্টি আমাদের জন্য সব সময় কঠিনই হয়। এখন খেলাও ওয়েস্ট ইন্ডিজের হোম গ্রাউন্ডে। একটু কঠিন তো হবেই।’

টেস্ট সিরিজ ড্র করার পর ওয়ানডেতে ৩-০তে হার। লিটন অবশ্য টি-টোয়েন্টি সিরিজ নিয়েই এখন ভাবতে চান। তার কথায়, ‘আমাদের প্রস্তুতিতে ঘাটতি নেই। গতকাল আলোর নিচে ফিল্ডিং অনুশীলন করেছি। এই দলের বেশির ভাগই অনেক দিন ধরে টেস্ট খেলেছে, ওয়ানডে খেলেছে। খেলার ওপরেই আছে। দু-একজন হয়তো নতুন। কিন্তু ওরাও অনুশীলনের সুযোগ পেয়েছে। এটা বিশ্বকাপের উইকেটের চেয়ে ভিন্ন দেখা গেছে। একই নয়। এবার হয়তো পিচ ভিন্নভাবে প্রস্তুত করেছে।’

এদিকে, ফাস্ট বোলার নাহিদ রানাকে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে। এরই মধ্যে তিনি বাংলাদেশের হয়ে ছয়টি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলেছেন। এবার টি-টোয়েন্টি অভিষেকের অপেক্ষায় তিনি।