আগামী ১০ জুন শুরু হবে ইউরোপিয়ান ফুটবলের গ্রীষ্মকালীন দলবদল। এর আগে বাতাসে উড়ছে অনেক গুঞ্জন। রিয়াল মাদ্রিদে যাই যাই করে শেষ পর্যন্ত পিএসজিতেই থেকে গেলেন কিলিয়ান এমবাপ্পে। গুঞ্জন চলছে ফরাসি জায়ান্টদের বড় দুই তারকা লিওনেল মেসি ও নেইমার জুনিয়রকে নিয়েও। তারা নাকি সাবেক ক্লাব বার্সেলোনায় ফিরে যেতে চান। কিন্তু ক্লাবটির প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা গুঞ্জন উড়িয়ে দিয়েছেন নিমিষেই। তার দাবি, মেসি-নেইমারদের টাকা দিয়ে ‘ক্রীতদাস’
বানিয়ে রেখেছে পিএসজি। ফলে তাদের ফেরাতে অর্থ খরচ করার কোনো ইচ্ছে নেই তার। শুধু ফ্রি ট্রান্সফারেই তারা বার্সায় ফিরে যেতে পারে। এমন মন্তব্যে লাপোর্তার ওপর বিরক্ত হয়েছেন লিওনেল মেসি ও তার বাবা হোর্হে মেসি।
নেইমারদের বার্সায় ফেরার গুঞ্জন নিয়ে প্রশ্ন করলে লাপোর্তা বলেন, কে নেইমারকে পছন্দ করে না? সে আলাদা ঘরানার খেলোয়াড়। পিএসজির সঙ্গে তার কয়েক বছর চুক্তি বাকি আছে। পিএসজির মতো ক্লাবে সই করা খেলোয়াড়রা আসলে টাকার দাসত্ব মেনে নিয়েছে। বার্সায় সে (নেইমার) শুধু একটা উপায়েই ফিরতে পারে—ফ্রি ট্রান্সফার। আগে ক্লাবে খেলেছে, এমন কাউকে দলবদলের টাকা পরিশোধ করে ফিরিয়ে আনাটা অর্থহীন।
ক্লাব কিংবদন্তি মেসিকে নিয়েও কথা বলেছেন বার্সা সভাপতি। তিনি বলেন, আমরা সবাই চেয়েছিলাম মেসির ক্যারিয়ার এখানে শেষ হোক, কিন্তু স্প্যানিশ লিগে ফেয়ার প্লে নিয়ম এবং পিএসজির প্রস্তাবের জন্য পারিনি। সে কখনো ফিরতে চাইলে ফ্রি ট্রান্সফারে আসতে হবে। তবে শুধু ফ্রি ট্রান্সফার হলেই হবে না, আমাদের প্রজেক্টে তারা খাপ খায় কিনা, সেটাও ভেবে দেখবেন কোচিং স্টাফরা। তবেই তারা দুজন বার্সায় ফিরতে পারবে।
মেসি-নেইমারদের পেছনে বিপুল অংকের অর্থ খরচ করছে পিএসজি। এই বার্সা থেকেই ২২২ মিলিয়ন ইউরোয় নেইমারকে দলে ভিড়িয়েছে ফরাসি জায়ান্টরা। পরে মেসিকে ফ্রি ট্রান্সফারে নিলেও দিচ্ছে মোটা অংকের বেতন-ভাতা, যা বহন করার উপায় নেই বার্সার। তাছাড়া চুক্তির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত তাদের কেউ নিতে চাইলে মেটাতে হবে বিশাল অংকের রিলিজ ক্লজের অর্থ।
বার্সা সভাপতির এমন মন্তব্যে এবার মুখ খুলেছেন খোদ মেসি। স্পোর্টকে দেয়া এক সাক্ষাত্কারে আর্জেন্টাইন সুপারস্টার বলেছেন, কেউ আমাকে বিনামূল্যে খেলতে বলেনি, কিন্তু এ মুহূর্তে আমি মনে করি প্রেসিডেন্টের কথাগুলো অযৌক্তিক। তারা আমাকে আঘাত করেছে, আমি মনে করি, তার এটা বলার প্রয়োজন নেই। এটা অনেকটা আপনার হাত থেকে বল কেড়ে নেয়ার পর পরিণতির দায় না নেয়ার মতো। মার্কা










