১৯৯৯ সাল থেকে ওয়ানডে বিশ্বকাপ খেললেও কখনোই জিততে পারেনি বাংলাদেশ ক্রিকেট দল। এবার ভারতের মাটিতে সপ্তমবারের মতো বিশ্বকাপ খেলবে টাইগাররা। আগামী অক্টোবর-নভেম্বরের এই বিশ্বকাপ সামনে রেখে বিশ্বকাপ ট্রফি এসেছে ঢাকায়। বাংলাদেশ ভ্রমণের দ্বিতীয় দিন আজ মঙ্গলবার ট্রফির প্রদর্শনী হয় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত তিন ঘণ্টা জাতীয় নারী ও পুরুষ দলের বর্তমান ক্রিকেটার, সাবেক ক্রিকেটার, ক্রিকেট কর্মকর্তা, সংগঠক, মাঠকর্মী ও সংবাদকর্মীদের দেখার জন্য উন্মুক্ত রাখা হয় ট্রফিটি। 

 

সকালেই মিরপুরের সবুজ গালিচার ওপরে ঝলমলে ট্রফি প্রদর্শনের জন্য একটা মঞ্চ তৈরি করা হয়। সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম ট্রফি নিয়ে ড্রেসিংরুম থেকে বেরিয়ে আসেন এবং ট্রফিটি মঞ্চে রাখেন। সেখানে ছিলেন তাসকিন আহমেদ, শামীম হোসেন, রিশাদ হোসেনসহ বাংলাদেশ দলে বেশ কিছু ক্রিকেটার।

 

বিশ্বকাপ ট্রফি বয়ে মঞ্চে আনার মুহূর্তটি ভিডিওচিত্রে ধারণ করছিলেন আইসিসির কনটেন্ট ক্রিয়েটররা। ক্রিকেটাররা একে একে ও পরে সবাই মিলে ট্রফির সঙ্গে ছবি তোলেন। পরে মুশফিক, তাসকিন ও স্পিন বোলিং কোচ রঙ্গনা গেরাথের সঙ্গে কথা বলেন আইসিসির কনটেন্ট ক্রিয়েটররা। মুশফিক ও তাসকিন বিশ্বকাপে ভালো করার আশাবাদ ব্যক্ত করেন।    

 

এর আগে সোমবার বাংলাদেশ সফরের প্রথম দিনে পদ্মা পাড়ে বিশ্বকাপ ট্রফির ফটোসেশন অনুষ্ঠিত হয়। বিকালে বাংলাদেশের স্বপ্নের, গৌরবের পদ্মা সেতু পেছনে রেখে প্রায় ঘণ্টাখানেক ধরে ছবি ও ভিডিওধারণ করা হয় সুদৃশ্য ট্রফিটির।

 

বঞ্চিত হবেন না সাধারণ মানুষও। আগামীকাল বুধবার ট্রফিটি দেখার সুযোগ পাবেন আগ্রহী জনসাধারণ। রাজধানীর পান্থপথের বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে বুধবার বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত ট্রফিটি রাখা হবে। আগ্রহীরা নির্দিষ্ট দূরত্বে থেকে ট্রফির সঙ্গে ছবি তুলতে পারবেন।


 ছবি: বিসিবি

ভারতের আহমেদাবাদ থেকে গত ২৭ জুন শুরু হয় বিশ্বকাপ ট্রফির বিশ্বভ্রমণ। ৮টি দেশ ঘুরে রোববার রাতে বাংলাদেশে আনা হয় ৬০ সেন্টিমিটার উচ্চতা ও ১১ কেজি ওজনের ট্রফিটি।

 

তিন দিনের সফর শেষে বৃহস্পতিবার বিশ্বকাপ ট্রফিটি চলে যাবে কুয়েতে। সব মিলিয়ে প্রায় দুই মাসে ১৯টি দেশ ঘুরবে ক্রিকেট বিশ্বকাপের এই ট্রফি। এরপর শুরু হবে এই ট্রফি জয়ের লড়াই। আগামী ৫ অক্টোবর শুরু হবে ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপ আসর। বিশ্বকাপে সরাসরি উত্তীর্ণ হয় আট দেশ, যার একটি বাংলাদেশ। এছাড়া নেদারল্যান্ডস ও শ্রীলংকা বিশ্বকাপের টিকিট পেয়েছে বাছাইপর্ব খেলে। এই ১০টি দেশ টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবে।

 

বাংলাদেশের প্রথম মাঠে নামবে ৭ অক্টোবর। ক্রিকেটের উদীয়মান শক্তি আফগানিস্তানের বিপক্ষে ধর্মশালায় প্রথম ম্যাচ খেলবে টাইগাররা।