সর্বশেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারলেই ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেত বাংলাদেশের নারীরা। এ ম্যাচে ৩ উইকেটে হেরে যায় নিগার সুলতানার দল। বাছাইপর্বে আজ শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। জিতলে মিলবে বিশ্বকাপের টিকিট, হারলে তৈরি হবে অনিশ্চয়তা।

আজ সকাল সাড়ে ১০টায় লাহোরে স্বাগতিক দলের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। বিকাল ৩টায় একই শহরে থাইল্যান্ডের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ।

বিশ্বকাপের টিকিট পাওয়ার রেসে ছিল স্কটল্যান্ডও। যদিও গতকাল রাতে তারা আয়ারল্যান্ডের কাছে হেরে বিদায় নিয়েছে। ৫ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৪ পয়েন্ট, আয়ারল্যান্ডেরও সমান ৪। বাংলাদেশের ৪ ম্যাচে ৬ পয়েন্ট, ওয়েস্ট ইন্ডিজের ৪ ম্যাচে ৪ পয়েন্ট। আজ থাইল্যান্ডকে হারালে ওয়েস্ট ইন্ডিজের ঝুলিতেও জমা পড়বে ৬ পয়েন্ট। সেক্ষেত্রে বাংলাদেশের সমান পয়েন্ট হয়ে যাবে ক্যারিবীয়দের। তাই নিগাররা জিতলে কোনো হিসাব ছাড়াই উঠে যাবে বিশ্বকাপে। আর হারলে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে নিট রানরেট নিয়ে কষতে হবে হিসাব।