ফ্রেঞ্চ লিগ ওয়ানে আজ ৭ গোলের থ্রিলারে লিলকে ৪-৩-এ হারাল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ফরাসি চ্যাম্পিয়নদের হয়ে গোল করেন শীর্ষ তিন তারকা কিলিয়ান এমবাপ্পে (দুটি), নেইমার ও লিওনেল মেসি।

 

উত্তেজনাপূর্ণ ম্যাচে এমবাপ্পে ও নেইমারের গোলে পিএসজি একটি সময় ২-০ গোলের লিড নিলেও পরে পিছিয়ে পড়ে ৩-২ গোলে। লিলের হয়ে গোল করেন বাফোদে দিয়াকিতে, জোনাথন ডেভিড ও জোনাথন বামবা। তাদের গোল দারুণভাবে জমিয়ে তোলে ম্যাচটি। যদিও শেষ মুহূর্তে নিয়ন্ত্রণ ফিরে যায় স্বাগতিকরা। ৮৭ মিনিটে দলকে ৩-৩ গোলে সমতায় ফেরান এমবাপ্পে। আর যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ২২ গজ দূর থেকে নেয়া ফ্রিকিক থেকে মেসির গোল পিএসজির জয় নিশ্চিত করে দেয় (৪-৩)।

 

অবশ্য মেসির গোলের আগে চোট নিয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় পিএসজি স্টার নেইমারকে, যিনি একটি গোল করার পাশাপাশি এমবাপ্পেকে দিয়ে দলের প্রথম গোলটিও করিয়েছেন। ৮৫ মিনিটে তার ডান পায়ের কাফে প্রতিপক্ষের এক ডিফেন্ডার শট নিলে তিনি মারাত্মক আঘাত পান। পার্ক দেস প্রিন্সেস ছাড়ার সময় তিনি ব্যথায় কাতরাচ্ছিলেন।

উল্লেখ্য, ডিসেম্বরে কাতার বিশ্বকাপেও চোট পেয়ে মাঠ ছাড়েন ব্রাজিলের সবচেয়ে বড় তারকা। চলতি মৌসুমে লিগ ওয়ানে ১৩ গোল করার পাশাপাশি ১০ গোলে অ্যাসিস্ট করেছেন ৩১ বছর বয়সী নেইমার।   

 

আজকের এই জয়ের পর শীর্ষস্থান সংহত করল পিএসজি। ২৪ ম্যাচে তাদের সংগ্রহ ৫৭ পয়েন্ট।