এশিয়া কাপ হকিতে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলের বিশাল ব্যবধানে হার দিয়ে শুরু করা বাংলাদেশ আজ দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়েছে। ইন্দোনেশিয়ার জাকার্তায় ওমানকে ২-১ গোলে হারিয়েছে লাল-সবুজ জার্সিধারীরা। এই জয়ের মধ্য দিয়ে সম্প্রতি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এশিয়ান গেমস বাছাই হকিতে ওমানের কাছে ৬-২ গোলে হারের প্রতিশোধও তুলে নিল বাংলাদেশ।

 

আশরাফুল ইসলাম ও মোহাম্মদ রাকিবুল হাসান বাংলাদেশের হয়ে দুটি গোল করেন। ওমানের হয়ে একমাত্র গোলটি করেন রাশেদ আল ফাজারি। ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশ দলনায়ক খোরশেদুর রহমান।

 

ওমানের সঙ্গে এ নিয়ে ১২ বারের মুখোমুখিতে ছয়বার জিতল বাংলাদেশ, মধ্যপ্রাচ্যের দেশটিও জিতেছে সমান ছয়টি।

 

সোমবার নিজেদের প্রথম ম্যাচে কোরিয়ার জালে প্রথম বল পাঠিয়েও শেষ পর্যন্ত জেতা হয়নি বাংলাদেশের। তবে আজ আর সেই ভুল করেনি গোবিনাথান কৃষ্ণমূর্তির দল। প্রায় সমান শক্তির দলটির বিপক্ষে কাঙ্ক্ষিত জয় তুলে নেয় বাংলাদেশ।

 

‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ কোরিয়া, ওমান ও মালয়েশিয়া। আগামী বৃহস্পতিবার মালয়েশিয়ার বিপক্ষে খেলবেন খোরশেদুর,  জিমিরা। আজ গ্রুপের ম্যাচে মালয়েশিয়া ৫-৪ গোলে কোরিয়াকে হারায়। 

 

এবারের এশিয়া কাপে প্রতিদ্বন্দ্বিতা করছে আটটি দল। ‘এ’ গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান ছাড়া রয়েছে জাপান ও স্বাগতিক ইন্দোনেশিয়া। আজ জাপান ১-০ গোলে ভারতকে ও পাকিস্তান ১৩-০ গোলে ইন্দোনেশিয়াকে হারায়। ‘এ’ গ্রুপে পাকিস্তান ও ‘বি’ গ্রুপে মালয়েশিয়া টেবিলের শীর্ষে অবস্থান করছে।