প্রথম আট ম্যাচ টানা জিতে সবার আগে একাদশ বিপিএলের প্লে-অফে খেলা নিশ্চিত করা রংপুর রাইডার্স এখন হারের বৃত্তে। টানা চার ম্যাচে হেরেছে নুরুল হাসান সোহানের দল। এমনকি এই চার হারে তারা শীর্ষস্থান থেকে নেমে যায় তৃতীয় স্থানে। ফলে তাদের খেলতে হবে ‘এলিমিনেটর’ ম্যাচ। সোমবার দুপুর দেড়টায় কোয়ালিফায়ারে ওঠার ম্যাচে তাদের প্রতিপক্ষ খুলনা টাইগার্স। এই ম্যাচটাকে বাঁচা-মরা হিসেবেই দেখছেন রংপুরের অলরাউন্ডার শেখ মেহেদী হাসান।
আজ রোববার বসুন্ধরায় নিজেদের মাঠে অনুশীলন করে রংপুর রাইডার্স। এরপর দলের অলরাউন্ডার মেহেদী হাসান সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেছেন, ‘এখানে (সেরা দুইয়ে) থাকতে পারলে ভালো হতো। এখন তো আমাদের চ্যালেঞ্জটা আরো বেশি। পুরো নকআউটে চলে এসেছি। এটা আসলে ডু অর ডাই। দেখা যাক আগামীকাল কী হয়।’
লিগ পর্বের শেষ দিন পর্যন্ত টেবিলের দুইয়ে ছিল রংপুর রাইডার্স। শনিবার শেষ ম্যাচে ফরচুন বরিশালকে হারিয়ে তাদের টপকে যায় চট্টগ্রাম কিংস। তবে রংপুরের খেলোয়াড়রা আত্মবিশ্বাসী। মেহেদীর আশা এলিমিনেটর ও দ্বিতীয় কোয়ালিফায়ার জিতে ফাইনালে যাবেন তারা। তিনি বলেন, ‘বিশ্বাস তো সব সময় আছে। প্রত্যেক খেলোয়াড়ই বিশ্বাস নিয়ে যায় মাঠে। কিন্তু সব সময় দিন এক রকম যায় না। আমরা কোয়ালিফাই করতে পারিনি, কিন্তু এখনো আমাদের একটা সুযোগ আছে। সুযোগটা আমরা ইতিবাচকভাবে নিচ্ছি। আমার মনে হয়, দলে যারা আছে, সবাই ফুরফুরে মেজাজে আছে। কারণ, এ সময় দল হিসেবে যদি ভেঙে পড়ি, আমরা চারটা হেরেছি, তাহলে এখান থেকে বের হতে পারব না।’
এদিকে সোমবার সন্ধ্যায় প্রথম কোয়ালিফায়ার ম্যাচে টেবিলের শীর্ষ দল ও বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের মুখোমুখি হবে শেষ দিনের জয়ে দুইয়ে ওঠা কিংস। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।










