বিশ্বকাপ শেষ হতে না হতেই মেসি ও এমবাপ্পের জার্সির বিক্রি বেড়েছে তিন গুণের বেশি। বিশ্ব বাজারে বিক্রয়ের জরিপ তুলে ধরে এমনটাই দাবি করেছে খেলাধুলার সামগ্রী প্রস্তুতকারী ও বিক্রেতা প্রতিষ্ঠান ফ্যানাটিক্স। খবর রয়টার্স।
ফ্যানাটিক্স নেটওয়ার্কের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০১৮ সালে রাশিয়া আসরের তুলনায় ২০২২ সালে কাতার আসরে ফুটবল বিষয়ক সরঞ্জাম বিক্রয় বেড়েছে ৭০০ শতাংশ। ভক্তরা রীতিমতো ভিড় জমিয়েছে নাইকি ব্র্যান্ডের পিএসজি ক্লাব জার্সি কেনার জন্য। বিশেষ করে মেসি ও এমবাপ্পের জার্সির জন্য আগ্রহী তারা। পিএসজির অনলাইন স্টোরে চাপ বেড়েছে ২০০ শতাংশের বেশি।
পঁয়ত্রিশ বছর বয়সী মেসি আর্জেন্টিনার অধিনায়ক। কাতার বিশ্বকাপই তার শেষ বিশ্বকাপ হওয়ার সম্ভাবনার খবর জানিয়েছিলেন। তবে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর এই পরিচয় নিয়ে জাতীয় দলে আরো কিছু দিন খেলতে চান এই কিংবদন্তি।










