পার্থ টেস্টে প্রথম ইনিংসের বিপর্যয় কাটিয়ে ভারতই এখন চালকের আসনে। জশস্বী জয়সোয়ালের ১৬১ রানের রাজসিক সেঞ্চুরিতে ভর করে আজ তৃতীয় দিন ভারতের লিড চারশ ছাড়িয়েছে। এ প্রতিবেদন লেখার সময় ভারতের সংগ্রহ ছিল ১০৭ ওভারে ৫ উইকেটে ৩৫৫ রান। দুই ইনিংস মিলে তাদের লিড ছিল ৪০১ রানের। বিরাট কোহলি ৩৮ ও ওয়াশিংটন সুন্দর ১২ রানে ব্যাট করছিলেন।
জয়সোয়াল ২৯৭ বলের মোকাবেলায় ১৫টি চার ও ৩টি ছক্কায় ১৬১ রান করেন। ৬২ রান নিয়ে দিন শুরু করা লোকেশ রাহুল আজ সকালে নামের পাশে আর ১৫ রান যোগ করে মিচেল স্টার্কের শিকার হন (২০১/১)। এরপর দেবদূত পাড়িক্কাল (২৫) ও বিরাট কোহলিকে (১৭*) নিয়ে দলের রান তিনশ পার করান জয়সোয়াল। যদিও এরপরই ফিরে যান সাজঘরে। মিচেল মার্শের বলে স্কয়াট কাট করতে গিয়ে পয়েন্টে স্টিভ স্মিথকে ক্যাচ দেন ভারতীয় ওপেনার।
জয়সোয়ালের বিদায়ের পর কোহলির সঙ্গে যুক্ত হওয়া ঋষভ পন্তকে ১ রানেই সাজঘরে পাঠান স্পিনার নাথান লায়ন। এই প্রথম কোনো স্পিনার ম্যাচে উইকেট নিলেন। ধ্রুব জুরেলকেও ১ রানে লেগ বিফোরের ফাঁদে ফেলেন প্যাট কামিন্স।










