রস টেলরকে পেছনে ফেলে নিউজিল্যান্ডের ইতিহাসে সবচেয়ে বেশি
টেস্ট রানের মালিক এখন কেন উইলিয়ামসন। ইংল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টে আজ ১৩২
রানের ইনিংস খেলে তিনি টেলরকে টপকে যান। তার রানসংখ্যা ৭,৭৮৭, টেলরের ৭,৬৮৩। যদিও
টেলরের চেয়ে ২০ ম্যাচ ও ৩৫ ইনিংস কম খেলেছেন তিনি।
টেস্ট রানে এরপর রয়েছেন স্টিফেন ফ্লেমিং (৭,১৭২), ব্রেন্ডন
ম্যাককালাম (৬,৪৫৩) ও মার্টিন ক্রো (৫,৪৪৪)।
সর্বোচ্চ রানের পাশাপাশি কিউইদের জার্সিতে অসংখ্য রেকর্ড
এখন উইলিয়ামসনের। তার টেস্ট রানগড় ৫৩.৩৩, যা কিউইদের মধ্যে সেরা। দ্বিতীয় সেরা
৪৫.৩৬ গড় মার্টিন ক্রোর। কিউইদের মধ্যে সর্বোচ্চ সেঞ্চুরিও (২৬) উইলিয়ামসনের।
এমনকি বিশের বেশি সেঞ্চুরি করেছেন একমাত্র তিনিই। দ্বিতীয় সর্বোচ্চ ১৯ সেঞ্চুরি টেলরের।
নিউজিল্যান্ডের সর্বোচ্চ পাঁচটি ডাবল সেঞ্চুরির কীতিও তার। তার নয়টি দেড়শোর্ধ্ব ইনিংস
ও ৫৯টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস দেশের হয়ে সর্বোচ্চ।
দেশের মাটিতে ৩ হাজার ৯৩০ রান করেছেন উইলিয়ামসন। এটিও কিউইদের
হয়ে রেকর্ড। টেলর ঘরের মাঠে করেছেন ৩৯০৫ রান।
উইলিয়ামসনের বীরত্বপূর্ণ ইনিংসেই ওয়েলিংটন
টেস্টে বড় লজ্জা এড়াতে পেরেছে নিউজিল্যান্ড। ফলো-অনে পড়া দলটি দ্বিতীয় ইনিংসে
করেছে ৪৮৩ রান। ৩ উইকেটে ২০২ রান নিয়ে দিন শুরু করা কিউইরা এতদূর যেতে পেরেছে
উইলিয়ামসন (২৮২ বলে ১৩২), টম ব্লান্ডেল (১৬৬ বলে ৯০) ও ড্যারিল মিচেলের (৫৪ বলে ৫৪)
কল্যাণে। ইংলিশ স্পিনার জ্যাক লিচ নেন ৫ উইকেট।
ঘুরে দাঁড়ানো কিউইরা লড়াই করে ইংল্যান্ডকে
২৫৮ রানের টার্গেট দিতে সমর্থ হয়। বেন স্টোকসের দল ১ উইকেট ৪৮ রান তুলে চতুর্থ দিন
মাঠ ছাড়ে। মঙ্গলবার পঞ্চম ও শেষদিন তাদের করতে হবে ২১০ রান।
উল্লেখ্য, মাউন্ট মঙ্গানুই টেস্ট জিতে নেয়
ইংল্যান্ড। উইলিয়ামসনের লড়াকু সেঞ্চুরির আগে এই টেস্টেও কর্তৃত্ব করছিল ইংলিশরা। ১২
টেস্টের মধ্যে দশম জয়ের খোঁজে খেলছে স্টোকসের দল।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড: ৪৩৫/৮ডি. ও ৪৮/১ (বেন ডাকেট
২৩*, ওলি রবিনসন ১*)। নিউজিল্যান্ড: ২০৯ ও ৪৮৩। চতুর্থ দিন শেষে।










