মালয়েশিয়ার কুয়ালালামপুরে চলমান অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপ ক্রিকেটে শ্রীলংকাকে হারানোর পর এবার স্বাগতিক মালয়েশিয়াকে ২৯ রানে অলআউট করে দিল বাংলাদেশ। আগে ব্যাটিং করে ৫ উইকেটে ১৪৯ রান তোলা বাংলাদেশ স্বাগতিকদের ১৪.৫ ওভারে অলআউট করে দেয়। ১২০ রানের বিশাল জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সুপার ফোরে উঠল লাল-সবুজ জার্সিধারী মেয়েরা।
জান্নাতুল মাওয়ার ব্যাটে ভর করে মালয়েশিয়াকে ১৫০ রানের টার্গেট দেয় বাংলাদেশ। জান্নাতুল ৪৫ বলে ৪৫ রান করেন। এছাড়া সাদিয়া আক্তার ১৯ বলে ৩১ ও ফাহমিদা ছোঁয়া ১৯ বলে ২৬ রান করেন। এরপর অবিশ্বাস্য বোলিংয়ে মালয়েশিয়াকে ৩০-এর আগেই অল আউট করে দেন। স্পিনার নিশিতা আক্তার নিশি ৩ রানে ৫টি, মিডিয়াম পেসার হাবিবা ইসলাম ৫ রানে ৩টি ও স্পিনার আনিসা আক্তার সোবা ৫ রানে ২টি উইকেট নেন। মালয়েশিয়ার কেউ দুই অঙ্ক ছুঁতে পারেননি এবং সর্বোচ্চ স্কোর ওপেনার নূর আলিয়ার (৫)।
দুই জয়ে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সুপার ফোরে উঠছে বাংলাদেশ। বৃহস্পতিবার সুপার ফোরে প্রথম ম্যাচে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়নের সঙ্গে খেলবে বাংলাদেশ, পরদিন তাদের প্রতিপক্ষ ‘বি’ গ্রুপ রানার্সআপ।










