মোহামেডানকে বড় ব্যবধানে হারিয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) শীর্ষস্থান সংহত করল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে পূর্ণ ১২ পয়েন্ট তুলে নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে ২০১৪-১৫ মৌসুমের চ্যাম্পিয়নরা। অন্যদিকে চার জয় ও দুই হারে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আবাহনী লিমিটেড।
আজ ষষ্ঠ রাউন্ডের খেলায় প্রাইম ব্যাংক ১২৭ রানের বড়
ব্যবধানে হারায় মোহামেডান স্পোর্টিং ক্লাবকে, আর আবাহনী লিমিটেড
৬ উইকেটে হারায় ব্রাদার্স ইউনিয়নকে।
ইউল্যাব মাঠে আগে ব্যাটিং করে ৩১২ রানে অলআউট হয়
প্রাইম ব্যাংক। দুর্দান্ত ফর্মে থাকা এনামুল হক বিজয় আরেকটি অনবদ্য ইনিংস খেললেন।
গতকাল তিনি ৯৪ বলে করেছেন ৯৪ রান। এছাড়া অধিনায়ক মোহাম্মদ মিঠুন ৭৪ বলে ৬০, নাসির হোসেন ৪০ বলে
৩৮, শাহাদাত হোসেন ২২ বলে ৩৫ ও শামসুর রহমান ১৮ বলে ২৭
রান করেন। সৌম্য সরকার ৫৪ রানে চারটি উইকেট নেন। জবাবে মোহামেডান গুটিয়ে যায় ১৮৫
রানে। আরিফুল ইসলাম সর্বোচ্চ ৫৩ রান করেন। রাকিবুল হাসান ৪০ রানে চারটি উইকেট নেন।
এছাড়া মেহেদী হাসান ও রবিউল হক নেন দুটি করে উইকেট। ম্যাচসেরা হয়েছেন এনামুল হক।
বিকেএসপিতে গতকাল দিনের অন্য ম্যাচে ব্রাদার্সকে
২১৯ রানে গুটিয়ে দেয়ার পর ৬৭ বল ও ৬ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় আবাহনী।
১৯ বছর বয়সী মিডিয়াম পেসার তানজিম হাসান সাকিব ৫৫ রানে ৫ উইকেট নেন। দুটি করে
উইকেট নেন তানভির ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন। এরপর হনুমা বিহারির সেঞ্চুরি (১১৫ বলে ১১২*)
আবাহনীকে সহজ জয় এনে দেয়। অধিনায়ক মোসাদ্দেক হোসেন করেন ৬৩ বলে ৫৯ রান।
আজ বিকেএসপির ৩ নম্বর মাঠে ইমরুল কায়েসের
নেতৃত্বাধীন শেখ জামাল ধানমন্ডি ক্লাব মুখোমুখি হবে গাজী গ্রুপ ক্রিকেটার্সের। সকাল
সাড়ে ৯টায় ম্যাচটি শুরু হবে। এখন পর্যন্ত ছয় ম্যাচে চার জয় ও দুই হারে ৮ পয়েন্ট
নিয়ে চারে ২০১৬-১৭ মৌসুমের চ্যাম্পিয়ন গাজী গ্রুপ। শেখ জামালের সংগ্রহ ৫ ম্যাচে ৮
পয়েন্ট। আজ দুই দলের সুযোগ একে অন্যকে ছাড়িয়ে যাওয়ার।
১১ দলের এবারের লিগে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে প্রথম
পর্বে প্রতিটি দল খেলবে ১০টি করে ম্যাচ। পয়েন্ট টেবিলের শীর্ষ ছয় দল নিয়ে হবে
সুপার লিগ পর্ব। সেখানে খেলতে হবে পাঁচটি করে ম্যাচ। সর্বমোট ১৫টি ম্যাচ শেষে ওই
ছয় দলের মধ্যে যে দল পয়েন্ট টেবিলের শীর্ষে থাকবে, তারা জিতবে
ডিপিএলের শিরোপা।
এখন
পর্যন্ত ৬ ম্যাচে ৫৬৮ রান করে সবার শীর্ষে লিজেন্ডস অব রূপগঞ্জের নাঈম ইসলাম। ৫৬৬
রান নিয়ে তার পরেই এনামুল হক বিজয়। এরপর রূপগঞ্জ টাইগার্সের জাকির হাসান (৩৯৫), প্রাইম ব্যাংকের নাসির হোসেন (৩৫৬) ও শাইনপুকুরের সিকান্দার রাজা (৩৪৪)। উইকেট শিকারে শীর্ষে গাজী গ্রুপের কাজী অনিক। তিনি ১৫ উইকেট নিয়ে
শীর্ষে। এছাড়া প্রাইম ব্যাংকের রাকিবুল হাসান নিয়েছেন ১৫ উইকেট।










