যুক্তরাষ্ট্রের ন্যাশনাল বাস্কেটবল লিগের (এনবিএ) কিংবদন্তি লেব্রন জেমসের পুত্র ব্রনি জেমস ২০২৪ সালের এনবিএ ড্রাফটে নাম লেখাতে যাচ্ছেন বলে ঘোষণা দিয়েছেন। এ ড্রাফটে যদি তিনি দল পেয়ে যান তবে বাবা-ছেলে এক দলে কিংবা মুখোমুখি হওয়ার বিরল দৃশ্যের অবতারণা হতে পারে।
১৯ বছর বয়সী ব্রনি এক বছর আগে সাউদার্ন ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে (ইউএসসি) অনুশীলনকালে কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হন। ওই ঘটনায় তার হৃদযন্ত্রের ত্রুটি সারাতে অস্ত্রোপচার করাতে হয়েছিল। এরপর গত ডিসেম্বরে ইউনিভার্সিটির হয়ে কলেজ বাস্কেটবলে অভিষেক ঘটে তার। এবার তিনি এনবিএ লিগে খেলার আশায় নাম লেখাচ্ছেন ড্রাফটে।
এনবিএ লিগের সর্বকালের সর্বোচ্চ স্কোরার লেব্রন জেমস ছেলের সঙ্গে একত্রে খেলার কথাটি গোপন করেননি। ৩৯ বছর বয়সী লেব্রন খেলে লস অ্যাঞ্জেলেস লেকার্সে। ২০২৩ সালে তিনি ইএসপিএনকে বলছিলেন, ‘আমি আমার পুত্রের সঙ্গে একই ফ্লোরে খেলতে চাই, আমি আমার ব্রনির সঙ্গে এক ফ্লোরে খেলতে চাই।’
ড্রাফটে নাম তোলা নিয়ে ব্রনি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘গত এক বছর উত্থান-পতনের মধ্য দিয়ে গেছে আমার। তবে এ সময়ে আমি একজন মানুষ, একজন শিক্ষার্থী ও একজন অ্যাথলেট হিসেবে বেড়ে উঠেছি। আমি এনবিএ ড্রাফটে নাম অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি। একই সঙ্গে আমি কলেজের হয়েও খেলে যাব এবং এনসিএএ ট্রান্সফার পোর্টালেও থাকব। প্রথম বর্ষের ছাত্র হিসেবে দারুণ একটি বছর কাটানোর সুযোগ করে দেয়ায় ইউএসসিকে ধন্যবাদ জানাব। সেই সঙ্গে আমার পাশে থাকার জন্য পরিবার, বন্ধু-বান্ধব, চিকিৎসক, ট্রেনার ও সমর্থকদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি আমি।’
তার বাবা লেব্রন জেমস বাস্কেটবল ইতিহাসেরই অন্যতম সেরা খেলোয়াড়। গত মাসে তিনি প্রথম এনবিএ খেলোয়াড় হিসেবে ৪০ হাজার ক্যারিয়ার পয়েন্ট অর্জন করেছেন।
কলেজে ব্রনির খেলার সময় প্রায়ই দর্শক সারিতে দেখা যায় বাবা লেব্রন, মা ও নয় বছর বয়সী বোনকে। ব্রনিকে নিয়ে লেব্রন বলেন, ‘ব্রনি এখন পরিণত এক মানুষ। তাকে কঠিন সিদ্ধান্তও এখন নিতে হয়। তবে সে সিদ্ধান্ত নেয়ার সময় আমাদের সঙ্গে রাখে এবং আমরাও একটি পরিবার হিসেবে সে যা-ই করুক না কেন, তাকে সমর্থন দিয়ে থাকি।’
ব্রনিকে নিয়ে ইউএসসির কোচ এরিক মাসেলম্যান বলেন, ‘তার সামনে অনেক সুযোগ এবং সে যে সিদ্ধান্ত নেয় সেটিকে আমরা সম্মান দেখাব। তাকে আমরা স্কোয়াডে দেখতে চাই। কী অবিশ্বাস্য মেধাবী এক তরুণ।’
২০২৪ সালের এনবিএ ড্রাফট অনুষ্ঠিত হবে ২৬ ও ২৭ জুন। হয়তো খুব শিগগিরই বিশ্বখ্যাত বাস্কেটবল লিগ এনবিএনতে কোনো দল পেয়ে যাবেন ব্রনি এবং এর মধ্য দিয়ে বাবা-ছেলের এক ফ্লোরে খেলার স্বপ্ন পূরণ হবে।
লেব্রন জেমস এনবিএ ও গোটা বাস্কেটবল ইতিহাসে অন্যতম সেরা খেলোয়াড়ই শুধু নন, তিনি শীর্ষ ধনীও। তার বর্তমান সম্পদ ১২০ কোটি ডলারেরও বেশি। ২০২৪ সালে ৬০ কোটি ডলার আয় করে তিনিই এনবিএর শীর্ষ ধনী খেলোয়াড়। বিবিসি, এপি ও ফোর্বস










