চলতি একাদশ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথম জয় পেল চট্টগ্রাম কিংস। আজ শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে দুর্বার রাজশাহীকে ১০৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে কিংস। আগে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানি ব্যাটার উসমান খানের ঝড়ো সেঞ্চুরিতে ৫ উইকেটে ২১৯ রানের সৌধ গড়ে কিংস। এটা চলতি বিপিএলের সর্বোচ্চ দলীয় সংগ্রহ এবং বিপিএলে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এই রান তাড়া করতে নেমে ১৭.১ ওভারে ১১৪ রানে অলআউট হয়ে যায় রাজশাহী।

দুই ম্যাচ খেলে প্রথম জয় পেল চট্টগ্রাম। রাজশাহী তিন ম্যাচ খেলে জিতেছে একটি। এনামুল হক বিজয়ের দল বৃহস্পতিবার ঢাকা ক্যাপিটালকে হারায়। পরদিন চট্টগ্রামের সামনে তারা দাঁড়াতেই পারেনি।

ম্যাচে ব্যবধান গড়ে দেন উসমান খান। ৬২ বলে ১২৩ রানের টর্নেডো ইনিংস খেলেছেন তিনি। ২১ বলে ফিফটি ও ৪৮ বলে সেঞ্চুরি পূর্ণ করেন একটি সময় ওমানে খেলা এই ব্যাটার। উসমান খান তার ইনিংস সাজিয়েছেন ১৩ বাউন্ডারি ও ৬ ছক্কায়। এছাড়া গ্রাহাম ক্লার্ক ২৫ বলে ৪০ ও মোহাম্মদ মিঠুন ১৫ বলে ২৮ রান করেন। ক্লার্কের সঙ্গে ৬৩ বলে ১২০ রানের জুটি গড়েন উসমান।

বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ ৯টি দলীয় সংগ্রহই হয়েছে চট্টগ্রামে। দশম সর্বোচ্চ সংগ্রহটা এলো মিরপুরে। উসমান খান চলতি বিপিএলের প্রথম এবং সব মিলে বিপিএলে নিজের দ্বিতীয় সেঞ্চুরি করেছেন।

এই রান তাড়া করতে নেমে আলিস আল ইসলাম (৩/১৭) ও আরাফাত সানীর (৩/২৩) ঘূর্ণি এবং মোহাম্মদ ওয়াসিম (২/২৪) ও শরিফুল ইসলামের (২/২৫) পেসের সামনে ১১৪ রানে অলআউট রাজশাহী।

আজ সন্ধ্যার ম্যাচে মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটাল ও খুলনা টাইগার্স।