বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে আজ মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ইন্দোনেশিয়াকে ৫টি লোনাসহ ৫৯-১৯ পয়েন্টে হারিয়ে সেমিফাইনালের সম্ভাবনা উজ্জ্বল করেছে বাংলাদেশ।

 

শুরু থেকেই আধিপত্য বিস্তার করে আরদুজ্জামান, মিজানুর, আল-আমিনরা প্রথমার্ধে ৩৫-২ পয়েন্টে এগিয়ে যান। প্রথম ম্যাচের নৈপূণ্যের ধারাবাহিকতা রেখে আজও ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশের রেইডার মিজানুর রহমান। তরুণ এই রেইডার প্রতিপক্ষের কাছ থেকে আনেন ১৮ পয়েন্ট।

 

শুরু থেকেই ইন্দোনেশিয়াকে চেপে ধরেন স্বাগতিক খেলোয়াড়রা। ষষ্ঠ মিনিটেই প্রথম লোনা তুলে নেয় তারা। ম্যাচ জুড়ে বাংলাদেশ এতটাই প্রভাব বিস্তার করে খেলেছে যে বাংলাদেশের পয়েন্ট যখন ২৫, তখন মাত্র ১ পয়েন্ট পায় ইন্দোনেশিয়া। স্বাগতিকরা প্রথমার্ধে লোনা পায় তিনটি, দ্বিতীয়ার্ধে আরো ২টি। এর আগে দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়াকে হারিয়েছিল বাংলাদেশ, তাতে ৩ ম্যাচে স্বাগতিকদের পয়েন্ট ৬, আর টানা দুই জয়ের পর নিজেদের তৃতীয় ম্যাচে প্রথম হারের মুখ দেখে ইন্দোনেশিয়া, তাতে ৩ ম্যাচে পয়েন্ট ৪।

 

টানা তিন ম্যাচ জিতে দারুণ খুশি বাংলাদেশের কোচ আব্দুল জলিল। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমরা পরিকল্পনামাফিক টুর্নামেন্টে খেলছি। তিন ম্যাচ জিতলেও সেমিফাইনাল এখনো নিশ্চিত হয়নি। তবে আমরা আশাবাদী গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ চারে পা রাখব। দল যেভাবে খেলছে পুরো টুর্নামেন্ট জুড়েই এটা অব্যাহত রাখবে দল।’

 

ম্যাচসেরা রেইডার মিজানুর রহমান বলেন, ‘তিন ম্যাচে দ্বিতীয়বার ম্যাচ সেরার পুরস্কার জিতলাম। আমি নিজের পারফরম্যান্সে খুশি। পুরো টুর্নামেন্ট জুড়ে নিজের সেরাটা দিয়ে দলকে জেতাতে চাই। দলকে চ্যাম্পিয়ন ট্রফি এনে দিতে চাই।’

 

এদিকে, নিজেদের তৃতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেয়েছে পোল্যান্ড। আজ বুধবার ৩টি লোনাসহ ৪৩-২৫ পয়েন্টে মালয়েশিয়াকে পরাজিত করে ইউরোপের দলটি। প্রথমার্ধে বিজয়ী দল ২১-১৩ পয়েন্টে এগিয়ে ছিল।

 

পোল্যান্ডের এটি প্রথম জয় হলেও মালয়েশিয়ার এটা ছিল টানা তৃতীয় পরাজয়। এদিকে দুর্দান্ত নৈপুন্যে দেখিয়ে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন জয়ী দলের ক্রিস্টিয়ান কামিল ক্রোল।   

 

এর আগে পোল্যান্ড ইন্দোনেশিয়া ও নেপালের কাছে এবং মালয়েশিয়া নেপাল ও স্বাগতিক বাংলাদেশের কাছে হেরেছে।