মেঘালয়ের রাজধানী শিলংয়ে মঙ্গলবার এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। জওহরলাল নেহরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে এ ম্যাচটি। দুই প্রতিবেশী দেশের এ লড়াইয়ে আলোতে থাকবেন বাংলাদেশের জার্সিতে অভিষেক ঘটতে যাওয়া হামজা চৌধুরী আর অবসর ভেঙে ভারতীয় দলে ফেরা কৃতী ফরওয়ার্ড সুনীল ছেত্রী।

প্রথমবারের মতো বাংলাদেশ দলের হয়ে খেলতে যাচ্ছেন ২৭ বছর বয়সী হামজা চৌধুরী, যিনি ইংল্যান্ডের চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ড ইউনাইটেডের খেলোয়াড়। শেফিল্ডে মূলত ধারে খেলছেন। তিনি প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটির খেলোয়াড়। খেলেছেন প্রিমিয়ার লিগে। ২০২১ সালে লেস্টারের হয়ে এফএ কাপ জয়ের গৌরব অর্জন করেন। স্বপ্ন ছিল ইংল্যান্ড জাতীয় দলের হয়ে খেলার। ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলে খেললেও জাতীয় দলে ডাক আসেনি। এরপর তিনি বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নেন। গত বছর বাংলাদেশের পাসপোর্ট হাতে পান। পরের মাসেই হামজাকে বাংলাদেশের হয়ে খেলার অনাপত্তিপত্র দেয় ইংল্যান্ডের এফএ। সেই অনাপত্তিপত্রসহ প্রাসঙ্গিক নথি ফিফার কাছ থেকে পাঠিয়ে দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তাদের চেষ্টায় দ্রুতই তিনি বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হয়ে যান। আর দুদিন পরই লাল-সবুজ জার্সিতে তার অভিষেক ঘটবে। হামজা খেলবেন বলে ভারতকে হারানোর আশা জেগেছে বাংলাদেশ দলে।
ভারত ম্যাচ সামনে রেখে ২৮ ফুটবলার নিয়ে সৌদি আরবে ক্যাম্প করতে যান বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। ওই ক্যাম্পে ছিলেন না হামজা চৌধুরী। পরে তিনি ঢাকায় দলের সঙ্গে যুক্ত হন। আর ক্যাম্প শেষে ইতালি প্রবাসী ফাহমিদুল হকসহ তিন ফুটবলারকে বাদ দেয়া হয়। ভারত সফরে যাওয়ার আগে আরো দুজন দল থেকে বাদ পড়েন। সব মিলিয়ে ২৪ ফুটবলার নিয়ে শিলং গেছেন কাবরেরা।
গত সোমবার বাংলাদেশের মাটিতে পা রাখেন হামজা চৌধুরী। সেদিন থেকেই তাকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে ছিল তুমুল উচ্ছ্বাস-উদ্দীপনা। সিলেটের ওসমানী এয়ারপোর্টে তাকে স্বাগত জানাতে ছুটে যান ফুটবল ফেডারেশনের কর্মকর্তারাসহ বহু গণমাধ্যমকর্মী আর সমর্থকরা। হবিগঞ্জে নিজ বাড়িতে যাওয়ার পর গ্রামবাসীর ভালোবাসায় সিক্ত হয়েছেন। সেখানে স্থানীয় মাদ্রাসা মাঠে তাকে সংবর্ধনা দেয়া হয়। একদিন পর ঢাকায় বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেন হামজা। ভারত যাওয়ার আগের দিন বাংলাদেশ দলের সংবাদ সম্মেলনেও সবার আগ্রহের কেন্দ্রে ছিলেন হামজা।

১৯৯৭ সালে যুক্তরাজ্যের লেস্টারশায়ারে হামজার জন্ম। তার মা বাংলাদেশী আর বাবা ক্যারিবিয়ান দ্বীপ গ্রেনাডার নাগরিক। যদিও তিনি বেড়ে উঠেছেন সৎ বাবা মোরশেদ দেওয়ান চৌধুরীর ঘরে। বাংলাদেশে তার বাড়ি হবিগঞ্জে।
সাবেক প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লেস্টার সিটির একাডেমিতে তিনি বেড়ে ওঠেন। সাত বছর বয়সে একাডেমিতে ভর্তি হওয়া হামজা পেশাদার ফুটবলে প্রথম ম্যাচ খেলেন বার্টন আলবিয়নের হয়ে। ২০১৬ সালে লেস্টার সিটি তাকে ধারে পাঠায় লিগ ওয়ানের ক্লাবটিতে। পরের বছরই হামজাকে ফিরিয়ে আনে লেস্টার। ২০১৭ সালের সেপ্টেম্বরে লিগ কাপে লিভারপুলের বিপক্ষে বদলি নেমে লেস্টার সিটির মূল দলে অভিষেক তার।
ওই বছরই ইংলিশ প্রিমিয়ার লিগে অভিষেক। ২০১৭ সালের ২৮ নভেম্বর টটেনহামের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হয় হামজার। প্রিমিয়ার লিগে ৬ মৌসুমে লেস্টার সিটির হয়ে মাঠে নেমেছেন তিনি। এছাড়া চার মৌসুম খেলেছেন চ্যাম্পিয়নশিপে। পেশাদার ক্যারিয়ারের পুরো সময় ধরে হামজা লেস্টার সিটির খেলোয়াড়। সেখান থেকে ধারে আরো তিনটি দলের জার্সি গায়ে উঠেছে তার। এগুলো হলো অ্যালবিয়ন (২০১৬-১৭), ওয়াটফোর্ড (২০২২-২৩) ও শেফিল্ড ইউনাইটেডে (২০২৪-২৫)।
হামজা ইংল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলেছেন। ২০১৮ সালে অনূর্ধ্ব-২১ জাতীয় দলের হয়ে চীন অনূর্ধ্ব-২১-এর বিপক্ষে অভিষেক ঘটে। পরের বছর জায়গা পান উয়েফা ইউরোপিয়ান অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপেও। ২০১৯ সালের জুনে ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে ফ্রান্সের বিপক্ষে খেলেন। বয়সভিত্তিক দলে খেলে খেলে পরে জাতীয় দলে খেলার পরিকল্পনা ছিল তার। যদিও সেই স্বপ্ন পূরণ হয়নি তার।
হামজা মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার হলেও রাইট ব্যাক হিসেবেও খেলে থাকেন। হামজা ক্যারিয়ারের বেশির ভাগজুড়ে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেললেও ভারতের বিপক্ষে ম্যাচে কোন পজিশনে খেলবেন সেটি স্পষ্ট করেননি হেড কোচ কাবরেরা। তিনি জানিয়েছেন, ভারত ম্যাচের আগে অনুশীলন দেখে সিদ্ধান্ত নেবেন।
শক্তির বিচারে বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে ভারত। ফিফা র্যাংকিংয়ে ভারত ১২৬ নম্বরে, আর বাংলাদেশ ১৮৫। তার ওপর খেলা ভারতের মাঠে। তবে হামজা আছেন বলেই শক্তির তফাৎ অনেকটা ঘুচে যাওয়ার কথা। হামজায় চিন্তিত হয়েই ভারত ফিরিয়ে এনেছে তাদের ইতিহাসের সেরা ফরওয়ার্ড সুনীল ছেত্রীকে। ২০২৪ সালের জুনে অবসর নেন। ছেত্রীর অবসরের পর ভারত যেন জিততে ভুলেই গিয়েছিল। তিনি ফিরতেই ভারতও ফিরল বিজয় সরণিতে। বৃহস্পতিবার জওহরলাল নেহরু স্টেডিয়ামে প্রীতি ম্যাচে মালদ্বীপকে হারিয়েছে ভারত। ১৬ মাস আর ১২ ম্যাচ পর জিতেছে ভারত। ওই ম্যাচে গোল করেছেন, করিয়েছেনও। এটা দেশের হয়ে তার ৯৫তম গোল। অনবদ্য পারফরম্যান্সের মধ্য দিয়ে মঙ্গলবারের প্রতিপক্ষ বাংলাদেশকে বার্তা দিয়েছেন ৪০ বছর বয়সী ছেত্রী।
অন্যদিকে হামজাও পরীক্ষিত নাম। তার রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ ও ইংলিশ ফুটবলের বিশাল অভিজ্ঞতা। এখন পর্যন্ত পেশাদার ফুটবলে খেলেছেন ২০৩টি ম্যাচ। সব মিলিয়ে হামজা-ছেত্রী ডুয়ালটা দারুণ জমে উঠতে পারে।
যদিও মূল লড়াইয়ের আগে অনুশীলনের মাঠ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ কোচ। শুক্রবার বিকালে শিলংয়ের নর্থ ইস্টার্ন হিল ইউনিভার্সিটি মাঠে বাংলাদেশ দল অনুশীলন করে। মাঠ নিয়ে কোচ কাবরেরার পর্যবেক্ষণ, ‘অবশ্যই এটা আপ টু দ্য মার্ক নয়। এরপরও আমাদের মানিয়ে নিতে হয়েছে। আজকের সেশনটা অনেকটাই পরিবেশের সঙ্গে মানিয়ে নেয়ার। আমাদের ম্যানেজার এটা নিয়ে কাজ করছে। ফেডারেশন ও ম্যানেজারের দায়িত্ব এটি। তারা এটি দেখছে।’
ভারতের বিপক্ষে ম্যাচের জন্য বাংলাদেশ দল সৌদি আরবে দুই সপ্তাহ অনুশীলন করেছে। সৌদি আরবের তায়েফের মাঠ বাংলাদেশের খেলোয়াড়-কোচদের কাছে ছিল বিশ্বমানের। সেখানে ভারতে এসে মাঠ সমস্যায় পড়তে হয়েছে।
বাংলাদেশ দল: হামজা চৌধুরী, জামাল ভূঁইয়া, মিতুল মার্মা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, শাকিল আহাদ, রহমত মিয়া, শাকিল হুসাইন, ইশা ফয়সাল, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন, মোহাম্মদ হৃদয়, কাজেম কিরমানি, মো. সোহেল রানা, সোহেল রানা, চন্দন রায়, মুজিবর রহমান, শেখ মোরসালিন, ফয়সাল আহমেদ, রাকিব হোসেন, শাহরিয়ার ইমন, মোহাম্মদ ইব্রাহিম, আল আমিন।










