অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ১৫৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। আজ আবুধাবির শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে প্রান্তিক নওরোজ নাবিলের সেঞ্চুরিতে আগে ব্যাট করে চার উইকেটে ২৯৭ রান করে যুবারা। ১২৭ রানে অপরাজিত থাকেন নাবিল। জবাবে খেলতে নেমে ১৪৩ রানে থেমে যায় নেপালের ইনিংস। 

২৯৮ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই খেই হারায় নেপাল। ৮১ রানে ছয় উইকেট হারানোর পর বিবেক যাদব ও গুলশান ঝায়ের জুটিতে কিছুটা প্রতিরোধ গড়ে তারা। কিন্তু ২৬ রানে বিবেক আউট হলে মাত্র ২ রানে শেষ চার উইকেট হারায় নেপাল। গুলশান ঝা সর্বোচ্চ ৩৫ রানের ইনিংস খেলেছেন। বাংলাদেশের বোলিংয়ের সামনে ৪২.৩ ওভারে অলআউট হয় নেপাল। স্কোরবোর্ডে তোলে মাত্র ১৪৩ রান। বাংলাদেশের হয়ে সাকিব, রাকিবুল, মেহরাব, আরিফুল ও নাঈমুর দুটি করে উইকেট নিয়েছেন।

এর আগে ব্যাটিং করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের শুরুটা ভালো ছিল না। ৩৩ বলে ১৭ রান করে ফেরেন ওপেনার মাহফিজুল ইসলাম। তখন দলীয় স্কোর ছিল ৩৯। সঙ্গীকে হারিয়ে আরেক ওপেনার ইফতেখার হাসানও ইনিংস লম্বা করতে পারেননি। তিনি ৪৫ বলে ২১ রান করে আউট হয়েছেন। এরপর ৪১ বলে ২২ রানে আউট হন আইচ মোল্লাও।

তখন নাবিল নতুন নামা ফাহিমকে সঙ্গে নিয়ে ১৭৯ রানের জুটিতে দলকে সামাল দিয়েছেন। ফাহিম রিটায়ার্ডহার্ট হয়ে ফিরলে জুটি ভাঙে তাদের। ৫৪ বলে ৫৮ রানে ফেরেন এই উইকেটকিপার ব্যাটার। ততক্ষণে অবশ্য সেঞ্চুরির কাছাকাছি চলে যান নাবিল। দৃষ্টিনন্দন চারের মারে ৯৮ বলে দেখা পান শতকের। শেষ পর্যন্ত ১১২ বল খেলে অপরাজিত থেকেছেন ১২৭ রানে। ১১টি চার ছাড়াও একটি ছয়ের মার ছিল তার ইনিংসে। নেপালের হয়ে একটি করে উইকেট নেন গুলশান ঝা, তিলক ভান্ডারি ও মোহাম্মদ আদিল আলম।