ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড করপোরেট অ্যামেচার ক্রিকেটের টি-ফরটি ফরম্যাটে আজ শুক্রবার একমাত্র ম্যাচে সেনা কল্যাণ সংস্থাকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ নৌবাহিনী।
বিকেএসপিতে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ব্যাট করতে নামা সেনা কল্যাণ সংস্থা নির্ধারিত ৪০ ওভারে ৮ উইকেটে ২২৫ রান সংগ্রহ করে। মারুফ হোসেন সর্বোচ্চ ৬৭ রান করেন। ৫৭ বলে সাজানো ইনিংস সমৃদ্ধ ছিল ৬ চার এবং ২ ছক্কায়। তৌফিক হাসান সওদাগর ৩ বাউন্ডারি এবং ৩ ছক্কায় ৩৭ বলে ৫২ রানের ঝড়ো ইনিংস খেলেন। আবরার বশিরের ব্যাট থেকে আসে ৩২ রান। নৌবাহিনীর সাইমুম ইসলাম ৪০ রানে ২ উইকেট নেন।
জবাবে বাশার আলীর দৃঢ়তায় শক্ত সূচনা পায় নৌবাহিনী। আকিফুর রহমানের সঙ্গে উদ্বোধনী জুটিতে ৫৪ এবং রাফসান বুলবুলের সঙ্গে দ্বিতীয় উইকেট জুটিতে ৫৯ রান তুলেছেন এ ওপেনার। ৬৮ বলে ৫ বাউন্ডারি ও এক ছক্কায় ৫০ রান করে আউট হন বাশার আলী। মাঝে দ্রুত ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে নৌবাহিনী। আরাফাত ইসলামের অপরাজিত ৫৪ বলে ৫০ ও ইমরান হাসানের ৪১ রানের ইনিংসে ভর করে দারুণভাবে ঘুরে দাঁড়ায় দলটি। শেষদিকে মাত্র ৫ বলে ১৫ রানের ঝড়ো ইনিংস খেলে নৌবাহিনীর জয় নিশ্চিত করেন শাহরিয়ার বারী চৌধুরী। ৪ ওভার ও ৪ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছায় নৌবাহিনী। ম্যাচসেরা সেনা কল্যাণ সংস্থার মারুফ হোসেন।










