চলতি বিপিএলের ষষ্ঠ ও চতুর্থ বিদেশি হিসেবে আজ চট্টগ্রামে সেঞ্চুরি পেলেন ইংলিশ ব্যাটার গ্রাহাম ক্লার্ক। তিনি ৫০ বলে ১০১ রানের ইনিংস খেলে খুলনা টাইগার্সের বিপক্ষে চট্টগ্রাম কিংসকে এনে দেন ২০০ রানের পুঁজি।
চলতি বিপিএলে এর আগে উসমান খান, অ্যালেক্স হেলস, থিসারা পেরেরা, লিটন দাস ও তানজিদ হাসান তামিম সেঞ্চুরি করেন।
দলীয় ১৮ রানে পাকিস্তানি ব্যাটার উসমান খান সাজঘরে ফিরে যাওয়ার পর পারভেজ হোসেন ইমনকে নিয়ে দ্বিতীয় উইকেটে ৬৩ বলে ১২৮ রানের দুর্দান্ত এক জুটি গড়েন ক্লার্ক। চ্যাম্পিয়নস ট্রফির দলে ডাক পাওয়া ইমন ২৯ বলে ৪ ছক্কায় ৩৯ রানের দৃষ্টিনন্দন ইনিংস খেলে আউট হয়ে যান।
তখন ক্লার্ক দাঁড়িয়ে ৮৯-এ। সেখান থেকে ৪৮ বলে সেঞ্চুরি পূর্ণ করার পরপর তিনি আউট হয়েছেন। তখন দলের সংগ্রহ ১৬ ওভারশেষে ১৬৮/৩। বাকি ২৪ বল থেকে ৫০ রানের সম্ভাবনা জাগলেও চট্টগ্রাম কিংস মাত্র ৩২ রান তুলতে পেরেছে। এ সময় চার চারটি উইকেট হারিয়ে চাপে পড়ায় বেশি রান তোলা হয়নি কিংসের। সালমান ইরশাদ ও মোহাম্মদ নওয়াজ উভয়ই নেন ৩টি করে উইকেট।










