জাপান

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো—এই তিন স্বাগতিকের বাইরে জাপানই প্রথম দল, যারা এরই মধ্যে জায়গা করে নিয়েছে বিশ্বকাপে। জাপান ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নিয়েছে বাছাইপর্বের বৈতরণি পেরিয়ে। টানা সপ্তমবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল ‘ব্লু সামুরাই’রা।

ইরান

এশিয়ার দ্বিতীয় দেশ হিসেবে বিশ্বকাপে উত্তীর্ণ হয়েছে ইরান, যারা টানা চতুর্থবারের মতো বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বৈরিতা চলমান থাকায় দেশটির ওপর নানা ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা আছে যুক্তরাষ্ট্রের। এ অবস্থায় ইরানিরা কি খেলতে পারবে যুক্তরাষ্ট্রের মাঠে?

কানাডা

তৃতীয়বারের মতো বিশ্বকাপে খেলবে কানাডা। এবার স্বাগতিক দেশ হওয়ায় সরাসরি খেলার সুযোগ পেয়েছে। ২০২২ কাতার বিশ্বকাপের পর এটি হতে যাচ্ছে তাদের টানা দ্বিতীয় বিশ্বকাপ। অন্যতম স্বাগতিক দেশটি এবার ঘরের মাঠে গ্রুপ পর্ব পার হওয়ার লক্ষ্য নিয়ে খেলবে।

মেক্সিকো

১৯৭০ ও ১৯৮৬ সালের পর ২০২৬ সালে তৃতীয়বারের মতো বিশ্বকাপ আয়োজন করবে মেক্সিকো। এটি তাদের ১৮তম বিশ্বকাপ হতে যাচ্ছে। তবে দেশটি কখনো কোয়ার্টার ফাইনালের ওপরে উঠতে পারেনি। এবার অন্যতম স্বাগতিক দেশ হিসেবে কি তারা পারবে সেমিফাইনাল খেলতে?

যুক্তরাষ্ট্র

মেক্সিকো ও কানাডার পাশাপাশি তৃতীয় স্বাগতিক দেশ হিসেবে ২০২৬ বিশ্বকাপে সরাসরি জায়গা পেয়েছে যুক্তরাষ্ট্র। এটি হবে তাদের ১২তম বিশ্বকাপ অংশগ্রহণ। যুক্তরাষ্ট্র দলটিকে নিয়ে বড় স্বপ্নই দেখাচ্ছেন আর্জেন্টাইন কোচ মাউরিসিও পচেত্তিনো।

নিউজিল্যান্ড

ওশেনিয়া অঞ্চল থেকে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে নিউজিল্যান্ড। আঞ্চলিক ফাইনালে নিউ ক্যালিডোনিয়াকে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করেছে দেশটি। এটি হবে তাদের তৃতীয় বিশ্বকাপ অংশগ্রহণ। এর আগে ১৯৮২ ও ২০১০ সালে বিশ্বকাপ খেলে নিউজিল্যান্ড।