চারের সঙ্গে যেন বার্সার নতুন সন্ধি। স্প্যানিশ লা লিগায় নিজেদের শেষ ছয় ম্যাচের চারটিতেই প্রতিপক্ষকে চারটি করে গোল হজম করিয়েছে বার্সেলোনা। যার শেষটা গতকাল ক্যাম্প ন্যুয়ে ফেরান তোরেসের জোড়ায় ওসাসুনাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা।
একটি করে গোল করেন পিয়েরে এমিরিক অবামেয়াং ও রিকি পুইগ। এ জয়ে পয়েন্ট
টেবিলের তিনে উঠে এলো জাভি হার্নান্দেসের শিষ্যরা।
ঘরের মাঠে খেলার ১৪ মিনিটে তোরেসের সফল স্পট কিকে এগিয়ে যায় বার্সা। ডি-বক্সে মিডফিল্ডার গাভিকে ওসাসুনার ডিফেন্ডার নাচো ভিদাল ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ছয় মিনিট পর ডি-বক্সে ওসমান দেম্বেলের দারুণ থ্রু বল পেয়ে ব্যবধান দ্বিগুণ করেন স্প্যানিশ ফরোয়ার্ড। ২৭ মিনিটে ডান দিক থেকে দেম্বেলের আরেকটি দারুণ পাসে ছুটে গিয়ে কাছ থেকে স্লাইড করে বল জালে পাঠান অবামেয়াং। ৭৫ মিনিটে স্কোরলাইন ৪-০ করেন বদলি নামা রিকি পুইগ।
২৭ ম্যাচে ১৪ জয় ও ৯ ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট হলো ৫১। ২৮ ম্যাচে বার্সার সমান পয়েন্ট নিয়ে চারে অ্যাতলেটিকো মাদ্রিদ। ২৮ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে সেভিয়া। ২৭ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ।










