বিপিএলে আজ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শনিবার সিলেট সানরাইজার্সকে হারিয়ে কুমিল্লাকে দুইয়ে নামিয়ে টেবিলের শীর্ষে উঠে যায় চট্টগ্রাম। আগামীকাল জিতে তা আবার পুনরুদ্ধারের সুযোগ কুমিল্লার সামনে। গুরুত্বপূর্ণ এই সময়ে কুমিল্লাকে নিশ্চিতভাবেই আক্ষেপে পোড়াচ্ছেন প্রায় সাড়ে ১৪ হাজার কিলোমিটার দূরবর্তী বার্বাডোজে অবস্থানরত মঈন আলী। ব্যাট-বলে সমান পারঙ্গমতা দেখিয়ে তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে ইংল্যান্ডকে সমতায় ফিরিয়েছেন।
পাঁচ ম্যাচের সিরিজে প্রথম ম্যাচেই ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে দেয় ওয়েস্ট ইন্ডিজ। পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় ইংলিশরা, কেনসিংটন ওভালে রোমাঞ্চকর লড়াই শেষে ১ রানের জয় পায় তারা। ব্যাট হাতে ২৪ বলে ৩১ রান ও বল হাতে ২৪ রানে তিন উইকেট শিকার করে ম্যাচসেরা হন মঈন। তৃতীয় ম্যাচে রভম্যান পাওয়েলের সেঞ্চুরিতে ২০ রানের জয়ে আবারো সিরিজে এগিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।
মঈন আলী ম্যাজিকে ফের সমতায় ফেরে ইংল্যান্ড। শনিবার রাতে কেনসিংটন ওভালে ক্যারিবীয় বোলারদের ওপর রীতিমতো টর্নেডো বইয়ে দিলেন তিনি। ২৮ বলে করেছেন ৬৩ রান। ১টি বাউন্ডারি ও ৭টি ছক্কায় সাজান এই বিস্ফোরক ইনিংসটি। ইংলিশরা ২০ ওভারে তোলে ৬ উইকেটে ১৯৩ রান। এরপর বল হাতেও সফলতা পান তিনি। ২৮ রানে তুলে নেন দুটি উইকেট। ক্যারিবিয়ানরা ৫ উইকেটে ১৫৯ রান তুলতে সমর্থ হয়। ৩৪ রানের জয় পায় ইংল্যান্ড। অলরাউন্ড নৈপুন্য দেখিয়ে ম্যাচসেরা হন ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করা মঈন আলী।
প্রথম ও তৃতীয় ম্যাচে ব্যর্থ হন মঈন, দুটিতেই করেন শূন্য রান। আর ওই দুটি ম্যাচে হেরে যায় ইংল্যান্ড। দ্বিতীয় ও চতুর্থ ম্যাচে তার ব্যাট হেসেছে, জিতেছে ইংল্যান্ড। আজ রাতেই সিরিজের মীমাংসা হবে। বাংলাদেশ সময় রাত ২টায় কেনসিংটন ওভালে সিরিজ মীমাংসার ম্যাচ। এই ম্যাচেও নিশ্চিতভাবেই মঈন আলীর দিকে তাকিয়ে থাকবে অতিথিরা।
সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ ৫ উইকেট শিকার করেছেন মঈন আলী, ৬ উইকেট নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের রোমারিও শেফার্ড। অন্যদিকে রান তোলার তালিকায় মঈন আলী আছেন পাঁচ নম্বরে।
ব্যাট-বল হাতে এমন কুশলী এক অলরাউন্ডারকে নিজের দলে পেতে ব্যাকুল হবেন যেকোনো অধিনায়ক। নিশ্চিতভাবেই তা চাইবেন কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েসও। তবে চট্টগ্রাম পর্বে তাকে পাচ্ছে না কুমিল্লা। ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করে ২ ফেব্রুয়ারি বাংলাদেশের মাটিতে পা রাখার কথা মঈন আলীর। হয়তো পরদিন ৩ ফেব্রুয়ারি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে চট্টগ্রামের বিপক্ষে পরের রাউন্ডে তাকে পাবে কুমিল্লা।
বিপিএলে আজ কোনো খেলা নেই। আগামীকাল দুপুরে মুখোমুখি হবে চট্টগ্রাম ও কুমিল্লা, সন্ধ্যায় লড়বে খুলনা টাইহার্স ও ফরচুন বরিশাল।










