চট্টগ্রাম টেস্টে আজ প্রথম দিন প্রথম দুই সেশনে ৪ উইকেটে ১৭৪ রান তুলে নিয়ে চা বিরতিতে যায় সফরকারী ভারত। চেতেশ্বর পুজারা ৪২ ও শ্রেয়াস আইয়ার ৪১ রানে অপরাজিত ছিলেন।

 

তামিম ইকবাল চোটগ্রস্ত থাকায় ২৪ বছর বয়সী বামহাতি ব্যাটার মোহাম্মদ জাকির হাসানের অভিষেক ঘটেছে আজ।

 

তাসকিন চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ার মধ্যে থাকায় চট্টগ্রামে তাকে একাদশে রাখা হয়নি। একাদশে ঠাঁই পান দুই পেসার এবাদত হোসেন ও খালেদ আহমেদ। এছাড়া স্পেশালিস্ট স্পিনার হিসেবে রয়েছেন তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও অধিনায়ক সাকিব আল হাসান।

 

সকালে ১৪তম ওভারে এসে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন তাইজুল। তার বলে ইয়াসির আলীকে ক্যাচ দেন শুভমান গিল। ৪০ বলে ২০ রান করেন এই ব্যাটার। ১৯তম ওভারে অধিনায়ক লোকেশ রাহুলকে বোল্ড করে স্বাগতিকদের উজ্জীবিত করে তোলেন খালেদ। বিরাট কোহলিকে ৫ বলের বেশি খেলতে দিলেন না তাইজুল। তার বলে ব্যক্তিগত ১ রানের মাথায় লেগ বিফোর হয়ে সাজঘরে ফেরেন ইতিহাসের অন্যতম সেরা এই ব্যাটার।

 

এরপর দুই জুটিতে সংহত অবস্থান গড়ে অতিথি দলটি। চতুর্থ উইকেটে পুজারা ও ঋষভ পন্ত (৭৩ বলে ৬৪), আর পঞ্চম উইকেটে পুজারা ও আইয়ার (১৪৬ বলে ৬২) টানেন ভারতকে। আগ্রাসী ব্যাটিং করা পন্ত ৪৫ বলে ৪৬ রান করে মেহেদী হাসান মিরাজের বলে বোল্ড হন।

উল্লেখ্য, ২০০০ সাল থেকে শুরু করে এই টেস্টের আগ পর্যন্ত ভারতের সঙ্গে ১১টি টেস্ট খেলে কখনো জেতা হয়নি বাংলাদেশের। ১১ টেস্ট খেলে ৯টিতেই হার। অর্জন বলতে দুটি ড্র। ২০০৭ সালে এই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ও ২০১৫ সালে নারায়ণগঞ্জের ফতুল্লায় ভারতের সঙ্গে ড্র করে বাংলাদেশ।

 

২০১৫ সালের পর এই প্রথম বাংলাদেশ সফরে এসেছে ভারতীয় ক্রিকেট দল। তারপর দুবার ভারত সফরে গিয়ে তিনটি টেস্ট খেলে এসেছে বাংলাদেশ। ভারতের মাঠে তিনটিতেই জুটেছে হার।

 

এটা আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ, যাতে একটি জয় নিয়ে বাংলাদেশ রয়েছে টেবিলের তলানিতে। আর ভারত রয়েছে চতুর্থ স্থানে। তাদের উপরে অবস্থান করছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকা।